হিরনের স্ত্রী জেবুন্নেছা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী
প্রকাশ : ০৪ মে ২০১৪, ২৩:২৪
বরিশাল-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র ক্রয় করেছেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের সহধর্মিণী জেবুন্নেসা হিরন। আবেদনপত্র বিক্রির প্রথম দিন গতকাল রবিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে জেবুন্নেসা হিরনের পক্ষে মনোনয়নের আবেদনপত্র কিনেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল কবির। এছাড়া মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদা বেগম লিপিও একই দিন আবেদনপত্র ক্রয় করেছেন।
গত ৯ এপ্রিল বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরন মারা যান। এর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১২ জুন এ আসনের উপনির্বাচন হবে। আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র আগামীকাল মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। আগামী ৮ মে বৃহস্পতিবার বিকাল ৫টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় মনোনয়নপত্র প্রত্যাশীদের সাক্ষাত্কার শেষে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।