গল্প নয় সত্যি
সাহসী চোরেদের কাণ্ড
প্রকাশ : ০৫ মে ২০১৪, ১৯:৪৫
আবহাওয়া কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো নানা কারণেই পূর্বনির্ধারিত একটি খেলা পন্ড হতে পারে। তবে সম্প্রতি খোদ পুলিশ বিভাগের সদস্যদের নিয়ে গড়া এনওয়াইপিডি বেসবল টিম গুরুত্বপূর্ণ একটি খেলার আগে যেভাবে তাদের জার্সি ও খেলার সামগ্রী চুরি হওয়ার কারণে খেলা থেকে নিজেদের বিরত রাখতে বাধ্য হয়েছে সেটি আলোচনার জন্ম দিয়েছে বিশ্বের অনেক সংবাদমাধ্যমেই। মূলত পুলিশ সদস্যদের নিয়ে গড়া নিউইয়র্কের সেরা বেসবল দলগুলোর একটি হিসেবে স্বীকৃত এই দলটির সেদিন মুখোমুখি হওয়ার কথা ছিল ডালাস ফায়ার ডিপার্টমেন্ট দলের। তার ওপর এই খেলাটিও মামুলি কোনো প্রীতি ম্যাচ ছিল না, বরং মর্যাদাপূর্ণ একটি টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচেই সেদিন মুখোমুখি হবার কথা ছিল এই দুই দলের। তবে নির্ধারিত সময়ের কিছু আগে নিজেদের জার্সি পড়ে মাঠে অনুশীলনে নামার উদ্যোগ নিতে গিয়েই সবাই টের পান যে মাঠে নামার মতো কোনো অবস্থাই আর দলের নেই। দলের সাথে থাকা টিম মিনিভ্যান থেকে চোরের দল যে শুধু জার্সি নিয়েই উধাও হয়েছে তাই নয়, বরং একই সাথে তারা চুরি করে নিয়ে গেছে ব্যাট, গ্লাভসসহ সবমিলিয়ে ১৫০০০ ডলার মূল্যমানের সকল খেলার সামগ্রীও। এভাবে চুরির শিকার হয়ে মাঠে নামতে না পারাটা যেকোনো দলের জন্যই লজ্জার। তবে এনওয়াইপিডি দলের সদস্যরা নিজেরাই যেখানে খেলার বাইরে আইনশৃঙ্খলা রক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত সেখানে তাদের সবকিছু খোয়া যাওয়াটা আরও বড় লজ্জা হয়ে দেখা দিয়েছে। সেই সাথে আলোচনায় এসেছে চোরেদের সাহসের বিষয়টিও। এদিকে নিজেদের খরচে দল চালানো এনওয়াইপিডি বেসবল টিমের ম্যানেজার জোসে ভ্যাসকুয়েজ তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, শুধুমাত্র খেলতে না পারার বিষয়টিই নয়, বরং তাদের জন্য বাড়তি যন্ত্রণার বিষয় হয়ে দাঁড়িয়েছিল সারা সকাল বসে বসে পুলিশ রিপোর্ট লেখার বিষয়টিও।