শাবিতে তীব্র পরিবহন সংকট
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০১৪, ২০:৫৯
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তীব্র পরিবহন সংকট দেখা দিয়েছে। বিআরটিসির ভাড়া করা ৬টি বাস দিয়ে চলছে বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৯ হাজার শিক্ষার্থীর যাতায়াত। সম্প্রতি ভাড়া করা বাসের সংখ্যা কমানোর ফলে এই সংকট আরো বেড়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে পরিবহন সংকট কাটছে না। পরিবহন সংকট নিরসন না করে উল্টো বাসের সংখ্যা কমিয়ে দেয়ায় সংকট আরো বেড়ে গেছে। সেই সঙ্গে বেড়েছে শিক্ষার্থীদের দুর্ভোগের মাত্রাও।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে ২০০৮ সালে তত্কালীন ভিসি প্রফেসর ড. মো: আমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিআরটিসির ৮টি বাস সার্ভিস চালু করেন। প্রায় ৬ মাস আগে বাসের সংখ্যা কমিয়ে নিয়ে আসা হয় ৫টিতে। মাঝে মধ্যে ৬টি বাস চলাচল করে। এই ৬টি বাসে সাকুল্যে ৪২০টি সিট রয়েছে। প্রতিটি বাসে গড়ে ৭০টি সিট রয়েছে। আবাসন সংকট থাকায় প্রায় ৮৫ ভাগ শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে শহরে থাকতে হয়। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ হাজার শিক্ষার্থীকে বাসে করে যাতায়াত করতে হয় বলে জানা গেছে। আসন সংকটের কারণে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে ও দরজায় বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করেন। বিভিন্ন সময় দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী পঙ্গুত্ব বরণ করেছেন ।
পরিবহন দপ্তর সূত্র জানায়, প্রতিদিন মদীনা মার্কেটে ১টি বাস, শাহী ঈদগাহে ২টি বাস, নাইওরপুল রোডে ২ টি বাস ও টিলাগড় রোডে ১টি বাস চলাচল করে। শাহী ঈগাহ রোডে আগে ৪টি বাস চলাচল করত। এখন কমিয়ে ২টিতে নিয়ে আসা হয়েছে। টিলাগড় রোডে আগে ছিলো ২টি বাস। এখন কমিয়ে ১টিতে নিয়ে আসা হয়েছে। টিলাগড় রোডে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের প্রায় কয়েক সহস্রাধিক শিক্ষার্থী যাতায়াত করেন। নগরীর নাইওরপুল, ঈদগাহ রোডসহ সকল রোডে প্রায় একই অবস্থা। বাসের সংখ্যা অপ্রতুল থাকা সত্ত্বেও বাস কমানোয় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।