রাস্তাঘাটের বেহাল অবস্থায় পৌঁছাতে পারছেন না ত্রাণকর্মীরা

আফগানিস্তানে ত্রাণ তত্পরতা ব্যাহত

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকার একটি প্রত্যন্ত গ্রামে ভয়াবহ ভূমিধসে আড়াই হাজারেরও বেশি লোকের প্রাণহানির পর আর কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা নেই বলে উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে দুর্গত এলাকাটিতে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। তবে ভাঙ্গাচোরা রাস্তার কারণে ব্যাহত হচ্ছে ত্রাণ তত্পরতা। ত্রাণকর্মীরা জানিয়েছেন, ভূমিধসের পর রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ হয়েছে যে সেখানে ত্রাণ পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারপরও সেখানে ত্রাণ পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। ত্রাণকর্মীরা জানান, রবিবার থেকে কিছু কিছু জায়গায় ত্রাণ পৌঁছানো শুরু হয়েছে; তবে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাত্কারে সেখানকার দুর্গত এক কৃষক জানান, আমার স্ত্রী এবং আট সন্তান ওই ভয়াবহ ভূমিধস থেকে প্রাণে বেঁচে গেলেও তাদের মাথা গোঁজার ঠাঁই নেই। আমাদের এখানে কোন ত্রাণ আসেনি। তাদেরকে বাঁচিয়ে রাখাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাদাকশান প্রদেশের আব বারেক গ্রামের এ রকম বক্তব্য আরো অনেকেরই। তারাও সেখানে ত্রাণের জন্য হাহাকার করছেন। খোলা আকাশের নিচে অবস্থান করছেন অনেকেই। জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়, দুর্গত শিশুদের রক্ষা করাকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন। সেইসঙ্গে পানীয় ও জলের ব্যবস্থাসহ স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করাও এখন জরুরি হয়ে পড়েছে।