নতুন প্রধানমন্ত্রীকে প্রত্যাখ্যান করেছে লিবিয়ার পার্লামেন্ট
প্রকাশ : ০৫ মে ২০১৪, ২১:০২
লিবিয়ার নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আহমেদ মেইতেককে স্বীকৃতি দেয়নি দেশটির পার্লামেন্ট। তার শপথ নেয়ার কয়েক ঘন্টা পর কংগ্রেস নেতারা তাকে প্রত্যাখ্যান করায় গত রবিবার পার্লামেন্টে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য লিবিয়ার পার্লামেন্টে রবিবার কয়েকদফা ভোটাভুটি হয়। ওই ভোটাভুটিতে মেইতেক প্রয়োজনীয় ভোট পেতে ব্যর্থ হয়েছেন বলে দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার এজাদিন আল-আওয়ামি জানান। এরপর দেশটির সরকারি ওয়েবসাইটে জারি করা এক বিবৃতিতে বলা হয়, ইসলামপন্থিদের সমর্থিত ব্যবসায়ী মেইতেক ১১৩ ভোট পেয়েছেন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে তার প্রয়োজন ছিল ১২১ ভোট। এর আগে দেশটির পার্লামেন্টের কর্মকর্তা সালাহ-আল-মাখজুম জানিয়েছিলেন, পার্লামেন্টে মোট ১৮৫টি ভোটের মধ্যে ১২১টি ভোট পেয়েছেন মেইতেক। তবে দেশটির সরকারি ওয়েবসাইটে দেয়া আরেকটি বিবৃতিতে আল আওয়ামি বলেন, এই ভোটগ্রহণ ‘অকার্যকর ও অবৈধ’।