স্কুল ছাত্রী অপহরণ
আন্তর্জাতিক সহায়তার আহ্বান নাইজেরিয়ার প্রেসিডেন্টের
প্রকাশ : ০৫ মে ২০১৪, ২১:০২
নাইজেরিয়ায় অপহূত স্কুলছাত্রীদের খুঁজে বের করতে এবং তাদের মুক্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুডলাক জনাথন। ছাত্রীদের উদ্ধারে সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনা ওঠায় দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রথম এই আবেদন জানানো হল। রবিবার টেলিভিশনে সরাসরি দেয়া এক সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন। এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট গুডলাক জনাথন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ব্রিটেন, ফ্রান্স ও চীনের সহায়তা চান। তিনি বলেন, এখনই আমাদের জন্য কোন কিছু করার সময়। তাই উদ্ধার প্রচেষ্টায় নিখোঁজদের বাবা-মা, অভিভাবক এবং স্থানীয় সম্প্রদায়গুলোকে সহযোগিতা করারও অনুরোধ জানান প্রেসিডেন্ট। তিনি আরো বলেন, আমরা এখন ভয়াবহ নিরাপত্তা হুমকির মধ্যে আছি। তাছাড়া ছাত্রীদের উদ্ধারে ধীরগতির কারণে সরকারের বিরুদ্ধে নাগরিকদের ক্ষোভ প্রকাশ করা যুক্তিযুক্ত। গত ১৪ এপ্রিল দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের চিবুক শহরের একটি সরকারি স্কুলের ছাত্রী হোস্টেল থেকে ২৭৬ জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়। এ ঘটনার সঙ্গে ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারামের সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
অন্যদিকে প্রেসিডেন্ট নিশ্চয়তা দিয়ে বলেন, এই ঘটনাটি কখনোই নিখোঁজ হয়ে যাওয়া মালয়েশিয়ান যাত্রী বিমানের মত হবে না। শিক্ষার্থীদের অবশ্যই সেই ভাগ্য বরণ করতে হবে না।