সংবাদ কণিকা
প্রকাশ : ০৫ মে ২০১৪, ২১:০৩
জাপানের পূর্বাঞ্চলে ভূমিকম্প
জাপানের পূর্বাঞ্চলে সোমবার স্থানীয় সময় সকাল ৫টা ১৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে এতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের আবহাওয়া সংস্থার খবর অনুযায়ী, দেশটির পূর্ব অফসোর ইজু অসিমা দ্বীপের ১৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোন সুনামির সতর্কতা ঘোষণা করা হয়নি। —সিনহুয়া
হংকংয়ে জাহাজ ডুবে নিখোঁজ ১২
হংকংয়ের কাছে মালবাহী দুটি জাহাজের মধ্যে সংঘর্ষে একটি ডুবে গেলে চীনা ১২ ক্রু নিখোঁজ হয়ে যায়। অগ্নিনির্বাপক বিভাগের একজন মুখপাত্র জানান, হংকং পানি সীমান্তের দক্ষিণাঞ্চলে পো তুই দ্বীপের কাছে সোমবার এ দুর্ঘটনা ঘটে। এছাড়া পুলিশের মুখপাত্রও জানান, দুটি মালবাহী জাহাজের সংঘর্ষে চীনের একটি জাহাজ ডুবে যায়। —এএফপি
সিয়েরালিওনে শিলাখণ্ডে নিহত ৪
সিয়েরালিওনের রাজধানী ফ্রিটাউনে রবিবার প্রবল বর্ষণের পর একটি বাড়িতে বিশাল আকৃতির শিলাখণ্ড ভেঙে পড়লে চারজনের মৃত্যু ঘটে। এদের মধ্যে এক কিশোরী রয়েছে। চিকিত্সকরা এ কথা জানান। কিশোরীটি কয়েকদিন আগে প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল। কনাট হাসপাতালের এক নার্স জানান, আহত একজনকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। —এএফপি