মানিকগঞ্জে ট্রেন লাইন নির্মাণ করা হোক
প্রকাশ : ০৫ মে ২০১৪, ২১:২৪
মানিকগঞ্জ জেলার যাতায়াত বিভিন্ন দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। এক সময় ঢাকা-আরিচা রাস্তাটি ছিল বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। যমুনা সেতু হওয়ার পর এই রাস্তার ব্যস্ততা কিছুটা কম হলেও ঢাকা থেকে পাটুরিয়া দৌলতদিয়া হয়ে রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদাহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, যশোরসহ উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সাথে এখনও যাতায়াতের সহজ রাস্তা হিসেবে ঢাকা-আরিচা রাস্তাটি বেছে নিচ্ছেন অনেকে। মানিকগঞ্জ জেলা কৃষি নির্ভর হলেও বর্তমানে অত্র জেলায় শিল্প বিপ্লব ঘটছে। উক্ত শিল্প-কারখানার উত্পাদিত পণ্য ঢাকাসহ সারাদেশে পরিবহনের জন্য ট্রেন লাইন খুবই উপযোগী একটি মাধ্যম। ঢাকা থেকে সাভার ইপিজেড থেকে মানিকগঞ্জ পাটুরিয়া পর্যন্ত একটি ট্রেন লাইন স্থাপন করা হলে সাভার, ইপিজেড হয়ে মানিকগঞ্জ পাটুরিয়া পর্যন্ত একটি ট্রেন লাইন স্থাপন করা হলে সাভার, মানিকগঞ্জ, ধামরাই এলাকার জনগণ প্রতিদিন ঢাকায় এসে অফিস করে আবার বাড়ি ফিরে যেতে পারবেন।
পরবর্তীতে পাটুরিয়া দৌলতদিয়া স্থানে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হলে এই ট্রেন লাইনের মাধ্যমে দ্বিতীয় পদ্মা সেতু দিয়ে রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদাহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, যশোর, পাবনা, নাটোর, রাজশাহীসহ প্রভৃতি জেলায় যাতায়াত করা সহজ হবে। এ ক্ষেত্রে সাভারে অবস্থিত ইপিজেডের অন্তর্গত শিল্প-কারখানার মালামাল খুব কম খরচে কন্টেইনার ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে পৌঁছানো সম্ভব হবে। এতে খরচ এবং সময় দুটোই কমে যাবে এবং জাতীয় অর্থনীতিতে এর ব্যাপক ও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাকরি। উপরোক্ত বিভিন্ন দিক বিবেচনায় এনে ঢাকা থেকে আশুলিয়া হয়ে মানিকগঞ্জ পাটুরিয়া পর্যন্ত একটি আধুনিক ট্রেন লাইন নির্মাণ করার জন্য রেল মন্ত্রণালয় এবং যোগাযোগ মন্ত্রণালয়ের নিকট জোর আবেদন জানাচ্ছি।
এম এ আওয়াল, চালা, ঝিট্কা, মানিকগঞ্জ