স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাই অভিজ্ঞ মন্ত্রী :সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের কঠোর সমালোচনা করে এ মন্ত্রণালয়ে দায়িত্বে একজন অভিজ্ঞ পূর্ণমন্ত্রী চেয়ে বলেছেন, একজন নেতৃত্বশালী, ব্যক্তিত্ববান এবং আইন সম্পর্কে ধারণাশীল ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে। গুম-খুনের বিষয়ে সঠিক ব্যবস্থা নেয়ার স্বার্থে এটি প্রয়োজন। সোমবার রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে চলমান রাজনীতি নিয়ে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। নারায়ণগঞ্জে অপহরণের ঘটনার পর পুলিশের তত্পরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, নারায়ণগঞ্জের ঘটনা তাই প্রমাণ করে। এ ঘটনার সঙ্গে ক্ষমতার আশ্রয়-প্রশ্রয় থাকতেই পারে। সুরঞ্জিত বলেন, নারায়ণগঞ্জের প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যে সব ব্যক্তিদের প্রত্যাহার করা হয়েছে, তাদের ক্রিমিনাল নেগলিজেন্স থাকলে তা বিভাগীয় তদন্তের আওতায় আনতে হবে। কাউকে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। আয়োজক সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।