রূপচাঁদা-স্টার লাইফস্টাইল সুপার শেফ প্রতিযোগিতা শুরু শনিবার
প্রকাশ : ০৫ মে ২০১৪, ২১:৩৯
সেরা রন্ধন শিল্পীর খোঁজে দেশব্যাপী শুরু হচ্ছে রূপচাঁদা-স্টার লাইফস্টাইল সুপার শেফ প্রতিযোগিতা। আগামী শনিবার থেকে এ প্রতিযোগিতা শুরু হয়ে চলবে অক্টোবর পর্যন্ত। প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে দেশের ৬টি অঞ্চল থেকে ২৪ জন বিজয়ী নির্বাচিত করা হবে। পরে তাদের নিয়ে কেন্দ্রীয়ভাবে প্রতিযোগিতা হবে। গতকাল রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, বাংলাদেশ এডিবল অয়েলের ব্র্যান্ড রূপচাঁদা এবং ডেইলি স্টার পত্রিকার সাপ্তাহিক স্টার লাইফস্টাইল আয়োজিত এ প্রতিযোগিতায় রুচিকর, মূল খাবার, মিষ্টান্ন ও আঞ্চলিক বিশেষত্ব এই চারটি বিভাগ থাকবে। অংশগ্রহণকারীরা একাধিক বিভাগে প্রতিযোগিতা করতে পারবেন। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের প্রত্যেককে ২৫ হাজার টাকা এবং কেন্দ্রীয় পর্যায়ের প্রথম বিজয়ী পাঁচ লাখ, দ্বিতীয় বিজয়ী তিন লাখ এবং তৃতীয় বিজয়ী দুই লাখ টাকা পাবেন। আঞ্চলিক পর্যায়ের মধ্যে ১০ মে সিলেটে, ১৭ মে খুলনায়, ২৪ মে বরিশাল, ৩১ মে রাজশাহী, ৭ জুন চট্টগ্রামে এবং ২১ জুন ঢাকায় প্রতিযোগিতা শুরু হবে। আঞ্চলিক ও কেন্দ্রীয় পর্যায়ের সব প্রতিযোগিতা প্রচার করবে এনটিভি।
সাংবাদিক সম্মেলনে এডিবল অয়েলের হেড অব সেলস এন্ড মার্কেটিং শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান, স্টার লাইফস্টাইলের সম্পাদক রাফাত রশীদ ও এনটিভির হেড অব প্রোগ্রাম মোস্তাফা কামাল সৈয়দ উপস্থিত ছিলেন। সফলভাবে এ আয়োজন শেষ করার পর রূপচাঁদা থেকে একটি কুকিং একাডেমি করা হবে বলে ঘোষণা দেন শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান।