প্রতিনিয়ত প্লাবিত হয় হাজার একর ফসলী জমি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৫ মে ২০১৪, ২২:০১
সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া, কুমিরা ও জোড়ামতল উপকূলীয় এলাকায় বেড়ীবাঁধ ভেঙ্গে যাওয়ায় কয়েক বছর ধরে প্রতিনিয়ত জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে হাজার একর ফসলি জমি ও ৪টি গ্রামের বসতঘর। অতিরিক্ত জোয়ারের পানি এলাকাবাসীর ঘরে ঢুকে পড়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, সীতাকুণ্ডের কুমিরা এবং বাঁশবাড়ীয়া ইউনিয়ন এলাকায় আকিলপুর ও জমাদার পাড়া বেড়ীবাঁধ গত কয়েক বছর ধরে ভাঙ্গতে ভাঙ্গতে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। ১ হাজার হেক্টর ফসলি জমিতে চাষাবাদ হচ্ছে না দীর্ঘদিন ধরে। যা বর্তমানে প্রতিনিয়ত জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। অপরদিকে কুমিরার শেষ সীমানা থেকে বাঁশবাড়ীয়া পর্যন্ত কয়েক কিলোমিটার বাঁধ বিলুপ্ত হয়ে যাওয়ায় একটু জোয়ার হলেই গ্রামে পানি প্রবেশ করে বাড়িঘর তলিয়ে যায়। অতিরিক্ত জোয়ার হলে এলাকাবাসী ঘরে রান্না-বান্না এবং ঘুমাতে পারছে না। উপকূলীয় এলাকায় গিয়ে দেখা যায়, এলাকার কৃষকরা পাঁচ বছর ধরে তাদের জমি চাষ না করায় জমিগুলো খড়ের জঙ্গলে পরিণত হয়েছে। জানমালের নিরাপত্তায় বাঁশবাড়ীয়া এলাকাবাসী রবিবার মানববন্ধন করে। এতে এখনই ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হয়।