কক্সবাজারে ঢেলে সাজানো হচ্ছে পুলিশ বিভাগ
আহমদ গিয়াস, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০১৪, ২২:০৩
ইয়াবা ঠেকাতে অভিযান জোরদার
চলমান ইয়াবা বিরোধী অভিযানকে আরো কার্যকর করার লক্ষ্যে কক্সবাজারের পুলিশ বিভাগকে ঢেলে সাজানো হচ্ছে। সম্প্রতি ছয় থানার ওসি বদলি করার পর গত রবিবার একযোগে বদলি করা হয়েছে বিভিন্ন থানার আরো ১৬ জন উপ-পরিদর্শক (এসআই), ১৭ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ৭৬ জন কনস্টেবলকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতমাসের ১৯ ও ২০ তারিখ কক্সবাজার জেলা সফরকালে ইয়াবা পাচার প্রতিরোধ বিষয়ে সুধী সমাজের সাথে বিভিন্ন মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে নিম্নতম পর্যায়ে ইয়াবা ব্যবসার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াবা বিষয়ে তার ‘জিরো টলারেন্স’ মনোভাবের কথা তুলে ধরেন। এরই প্রেক্ষিতে কক্সবাজারের পুলিশ বিভাগকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন তিনি।