পৃথক দুর্ঘটনায় নিহত ১৪
প্রকাশ : ০৫ মে ২০১৪, ২২:০৩
হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনসহ পৃথক ঘটনায় গত দুই দিনে ১৪ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
মাধবপুরে নিহত তিন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মতন্নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে গতকাল সোমবার মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহতরা হলেন— রুবেল মিয়া (২৫), রুহুল আমিন (২৫) ও অজ্ঞাত (৩০)। মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও পিকআপ ভ্যান থেকে হতাহতদের উদ্ধার করেন। আহতরা হলেন— ফুরুক উদ্দিন ভুঁইয়া ও সিয়াম উদ্দিন ভুঁইয়া, মোস্তফা, বাশার মিয়া ও বাদশা মিয়া ও বাছির মিয়া। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গায় বজ্রপাতে নিহত দুই
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনামুখী গ্রামে গতকাল সোমবার দুপুরে বজ্রপাতে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন— দেওড়া গ্রামের আশরাফ আলী খলিফার পুত্র শামীম খলিফা (২৫) ও একই গ্রামের মাঈনুদ্দীন মিয়ার পুত্র হুমায়ন মিয়া (৩৫)। আহতরা হলেন— রফিক সরকার, শাহিন খলিফা, বোরহান খলিফ। আহতদের প্রথমে ভাঙ্গা হাসপাতালে পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু
কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা ইউপির ঘোড়া ময়দান গ্রামে গত রবিবার দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— মাওলানা আবদুস সাত্তারের কন্যা জান্নাতুল ফেরদাউস (৫) ও তার ভাই মাওলানা আবদুস সালামের কন্যা সামিয়া আক্তার (৬)।
ফুলবাড়িতে দুইজনের লাশ উদ্ধার
দিনাজপুরের ফুলবাড়িতে গতকাল সোমবার দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন— উপজেলার পৌর শহরের কাঁটাবাড়ি গ্রামের শিব ওয়েল মিলের মিস্ত্রি ও পার্বতীপুর উপজেলার চকবলিয়া গ্রামের নিখিল চন্দ্রের ছেলে পরেশ কুমার (২০) এবং উত্তর সুজাপুর গ্রামের মৃত জেহের আলী ছেলে বাদশা ঘেলু (৪৪)।
থানা সূত্রে জানা গেছে, দিনের কাজ শেষে পরেশ কুমার রাতে ঘুমাতে যায়। রাত ৩টায় তেল ভাঙ্গার কাজে থাকা মিস্ত্রি মুকুল চন্দ্র পরেশ চন্দ্রের ঝুলন্ত লাশ দেখে মিল মালিক মনোজ কুমার সাহাকে খবর দেন। পরে পুলিশ সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এদিকে উত্তর সুজাপুর গ্রামের বাদশা ঘেলু তার স্ত্রীর সাথে ঝগড়া করে ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠান।
গোপালগঞ্জে ব্যবসায়ী নিহত
গোপালগঞ্জ সদর উপজেলার কাটরবাড়ি মোড়ে গতকাল সোমবার বাস ও মোটর সাইকেল সংঘর্ষে আবুল কালাম (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আবুল কালাম খুলনা শহরের লবণচরা এলাকার হাফেজ ফকিরের ছেলে।
গাইবান্ধায় মোটর সাইকেল আরোহী নিহত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাঁতারপাড়া এলাকায় গত রবিবার বিকালে কাভার্ড ভ্যানের ধাক্কায় মিল্টন মিয়া নামে এক মোটর সাইকেল আরোহী নিহত এবং আরো একজন আহত হয়েছেন। আহত আনিছুর রহমানকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুরে গৃহবধূর আত্মহত্যা
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরে গত রবিবার রাতে ফারজানা আলম রনি (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেন। সে বিএডিসি’র উপ-সহকারী পরিচালক মনিরের স্ত্রী। স্বামীর অত্যাচার ও নির্যাতন এবং স্বামীর পরকীয়ার বিষয় সহ্য করতে না পেরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। দৌলতপুর থানার ওসি শওকত আলম জানান, আত্মহত্যার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
নাচোলে একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বাসস্ট্যান্ড মোড়ে গতকাল সোমবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. নাসির আলী (১৭) নামে এক ব্যক্তি নিহত হন।
দামুড়হুদায় গৃহবধূর মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গতকাল সোমবার সকালে করিমনের চাকায় ওড়না জড়িয়ে বিউটি বেগম (৪২) নামে এক গৃহবধূ মারা গেছেন। নিহত গৃহবধূ সদর উপজেলার দোস্তগ্রামের আমতলা পাড়ার শাজাহান মোল¬ার স্ত্রী। নিহত বিউটি বেগম করিমনযোগে বাবার বাড়ি ঝিনাইদহ জেলার বিজয়নগরে যাওয়ার পথে এ দুর্ঘটনা মারা যান।