মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পে এক্সপ্লোসিভ সংকট
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৫ মে ২০১৪, ২২:০৩
২০ দিন পাথর উত্তোলন বন্ধ
শুধুমাত্র পাথর বিস্ফোরিত করার এক্সপ্লোসিভ সংকটের কারণে ২০ দিন ধরে উত্পাদন বন্ধ রয়েছে দেশের একমাত্র মধ্যপাড়া কঠিন শিলা খনির। এতে চাহিদানুযায়ী গ্রাহকদের পাথর সরবরাহ করতে পারছে খনি কর্তৃপক্ষ। ফলে বিপুল অংকের অর্থ লোকসান গুণতে হচ্ছে খনি কর্তৃপক্ষকে। এক্সপ্লোসিভের অভাবে হাত গুটিয়ে বসে রয়েছে খনির রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোর্টিয়াম কোম্পানী (জিটিসি)।
জানা গেছে, গত দেড় বছর থেকেই ডিনামাইট-এর সংকট দেখায় খনির ভূগর্ভ পাথর উত্তোলন মারাত্মক ভাবে হ্রাস পায়। এই অবস্থার মধ্যেই খনিটির উত্পাদনসহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় বেলারুশ ভিত্তিক জার্মানিয়া ট্রাস্ট কনসোর্টিয়াম কোম্পানি (জিটিসি)। জিটিসি চলতি বছরের ফেব্রুয়ারি থেকে পুরোদমে উত্পাদন শুরু করে। তবে ডিনামাইট শেষ হওয়ায় গত ১৪ এপ্রিল থেকে পাথর উত্তোলন পুরোপুরি বন্ধ হয়ে যায়।