তালায় আওয়ামী লীগ নেতার উপর বোমা হামলা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ০৫ মে ২০১৪, ২২:০৫
উপজেলার ইসলামকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ঘুমন্ত অবস্থায় নিজ ঘরে বোমা হামলার শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আজিজ ইসলামকাটি গ্রামের নছিমুদ্দীন শেখের পুত্র। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উক্ত হামলার ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ও আহতের স্বজনরা জানান। তালা থানার ওসি মো. মতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দুর্বৃত্তদের আটক করতে এলাকায় অভিযান চলছে। এদিকে রবিবার রাতে জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামাল সানাকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। সে উপজেলার দোহার গ্রামের ফাজেল সানার পুত্র।