রাহুল-সোনিয়া যুগ শেষ হয়ে গেছে
প্রকাশ : ০৫ মে ২০১৪, ২২:৪৬
বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতে রাহুল-সোনিয়া যুগ শেষ হয়ে গেছে। সামনে আসছে মোদী যুগ। গতকাল সোমবার রাহুল গান্ধীর আমেথি আসনে প্রচারে গিয়ে মোদী একথা বলেন। তিনি বিজেপি প্রার্থীর পক্ষে সেখানে নির্বাচনী প্রচারে যান। মোদী বলেন, আমি এখানে ভোট লুট করতে আসিনি। এসেছি ভোট ভিক্ষা চাইতে। জনগণের আশির্বাদে সেই ভোট নিয়ে এবার বিজেপি ক্ষমতায় যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মোদী এদিন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং তার পুত্র কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। মোদী বলেন, মানুষ কেন চাকরি পাচ্ছে না জানেন? কারণ বেশিরভাগ সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে এতদিন যাদের ক্ষমতায় বসিয়েছেন তারা। মোদী আর লুটপাট হতে দিবেন না বলে মন্তব্য করেন। তিনি রাহুল এবং সোনিয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন। সর্বশেষ প্রিয়াঙ্কা গান্ধীকে তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন বলে মোদী অভিযোগ করেন। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী আরো বলেন, বিজেপি ক্ষমতায় গেলে কংগ্রেসের রেখে যাওয়া দুর্নীতির চিহ্ন সাফ করে দেয়া হবে।