মানিব্যাগে রাখলে টাকা
ছেলেমেয়ে করছে ফাঁকা,
রাখব ঘরে? চোর-ডাকাতের ভয়!
আরো আছে চিন্তা তাতে—
পড়ে যদি বউয়ের হাতে
শপিং করে করবে সবই ক্ষয়!
রাখব টাকা বালিশ ভরে?
কেউ যদি ফের নালিশ করে—
‘কালো টাকার পাহাড় গড়েছি’!
মিথ্যে; তবু দুদক এসে
মামলা দিয়ে ধরবে ঠেসে,
এ তো মহাজ্বালায় পড়েছি!
বাপ-দাদারা গর্ত করে
রাখত টাকা কলস ভরে
ধরব নাকি সেই পুরাতন চল?
সেই উপায়ও আছে নাকি
চারতলাতে ভাড়া থাকি
গর্ত আমি খুঁড়ব কোথায় বল?
কী ভেবেছিস—বোকা আমি?
ব্যাংক রয়েছে নামি-দামি
টাকা নিয়ে মরছি তবু ভয়ে?
ব্যাংকে যাব? ওরে বাবা!
চার্জ, কমিশন, করের থাবা!
আসল টাকাই যাবে হাওয়া হয়ে!