যশোরে কিশোর উন্নয়ন কেন্দ্রে অভিযান দেশীয় অস্ত্র উদ্ধার
প্রকাশ : ০৫ মে ২০১৪, ২২:৪৯
জেলায় কিশোর উন্নয়ন কেন্দ্রে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও মাসুদ উল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গত রবিবার দুই কিশোর পালিয়ে যাওয়ার অভিযোগে থানায় জিডি হয়েছে।
গতকাল অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, শহরতলীর পুলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বন্দী কিশোররা গত রবিবার ২০টি রুমের গ্লাসসহ আসবাবপত্র, প্রিজন ভ্যান ভাংচুর ও পুলিশের উপর হামলা চালায়। পরদিন কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। অভিযানে কিশোরদের রুম থেকে ১০টি তালা, একটি হাতুড়ি, ছুরি, চারটি কাটাটিনের পাত, ১০টি লাঠি, ৩টি মোবাইল চার্জার এবং ৫-৬ হাত বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। উদ্ধারের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।