সৃজনশীল প্রশ্ন সহজে উত্তর করার কৌশল
প্রকাশ : ০৬ মে ২০১৪, ১৮:০৯
৬ষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল পদ্ধতিতে যেহেতু তোমরা সম্পূর্ণ নতুন, তাই তোমাদের মধ্যে একটু ভয়-ভীতি থাকা স্বাভাবিক।তাই সৃজনশীল প্রশ্নোত্তরের কৌশল আলোচনা করা হলো।
জ্ঞানমূলক প্রশ্নের ধরন ও উত্তর কৌশল
জ্ঞানমূলক প্রশ্নের উত্তর হল সম্পূর্ণ স্মৃতিনির্ভর। এ ধরনের প্রশ্নে শিক্ষার্থীর জ্ঞান দক্ষতা যাচাই করা হয়।
জ্ঞানমূলক প্রশ্নের উত্তর উদ্দীপকে উল্লেখ থাকবে না; উদ্দীপক সংশ্লিষ্ট গদ্য/কবিতায় সরাসরি উল্লেখ থাকবে।
মূল বইতে উল্লেখ নেই এমন কোনো তথ্য জ্ঞানমূলক প্রশ্নে জানতে চাওয়া হবে না।
তাই মূল বই পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে এবং তথ্যমূলক অংশ খাতায় নোট করে তা আয়ত্ত করতে হবে।
এ জাতীয় প্রশ্ন কী, কে, কখন, কোথায়, কাকে, কয়টি, কোনটি ইত্যাদি প্রশ্নবোধক শব্দ দিয়ে করা হয়। তাই এ জাতীয় শব্দ দিয়ে মূল বই থেকে যেসব প্রশ্ন হতে পারে তা আয়ত্ত করতে হবে।
মূল বইয়ের গদ্য/কবিতা ছাড়াও লেখক/কবি পরিচিতি অংশ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাঁদের জন্ম, মৃত্যু, উপাধি, ছদ্মনাম, পুরস্কার, উল্লেখযোগ্য গ্রন্থ ইত্যাদি মনে রাখতে হবে।
পাঠ্যভূক্ত প্রতিটি গদ্য/কবিতা কোন সালে রচিত হয়, প্রথম কোন সালে প্রকাশিত হয় এবং কোন গ্রন্থে সংকলিত হয়েছে তা মনে রাখতে হবে।
গদ্য/কবিতার উত্স, মূলবক্তব্য এবং শব্দার্থ ও টীকা অংশ ভালোভাবে আয়ত্ত করতে হবে।
এ জাতীয় প্রশ্নের ১০০%-ই মূল বই থেকে কমন পড়বে। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই।
জ্ঞানমূলক প্রশ্নের নম্বর ১। এর উত্তর একটি শব্দে, একাধিক বা একটি বাক্যেও দেওয়া যাবে। তবে এ স্তরের উত্তর একটি পূর্ণাঙ্গ বাক্যে দিলে ভালো। আর এক্ষেত্রে মনে রাখতে হবে জ্ঞানমূলক প্রশ্নে যে তথ্যটি জানতে চাওয়া হয়েছে সেটির বানান ভুল করলে উত্তর কাটা যাবে এবং শূন্য পাবে। যেমন- ‘মানুষ জাতি’ কবিতার রচয়িতা কে? এখানে ‘সত্যেন্দ্রনাথ দত্ত’-এর নামের বানানটি ভুল করলে উত্তর কাটা যাবে।
অনুধাবনমূলক প্রশ্নের ধরন ও উত্তর কৌশল
অনুধাবন বলতে কোনো বিষয়ের অর্থ বোঝার ক্ষমতাকে বোঝায়। এ ধরনের প্রশ্নে শিক্ষার্থীকে কোনো বিষয়বস্তু সম্পর্কে নিজের ভাষায় বাখ্যা বা বর্ণনা দিতে বলা হয়।
অনুধাবনমূলক প্রশ্ন উদ্দীপক সংশ্লিষ্ট গদ্য/কবিতা থেকে করা হবে। তবে এ ধরনের প্রশ্নের উত্তর সরাসরি পাঠ্যবইতে না-ও পাওয়া যেতে পারে, উত্তরের জন্য শিক্ষার্থীকে ভাবতে হবে।
কী বোঝায়/কাকে বলে/কেন একথা বলা হয়েছে/কেন এ ঘটনা ঘটেছে- তা ব্যাখ্যা কর বা বর্ণনা কর এ জাতীয় শব্দ দিয়ে এ ধরনের প্রশ্ন করা হবে। তাই এ জাতীয় শব্দ দিয়ে পাঠ্যবই থেকে যেসব প্রশ্ন হতে পারে তা পুঙ্খানুপুঙ্খ আয়ত্ত করতে হবে।
পাঠ্যভূক্ত গদ্য/কবিতার গুরুত্বপূর্ণ ও তাত্পর্যবহ লাইন, পঙিক্ত, উক্তি বাছাই করে সেগুলোর মর্মার্থ উপলব্ধি করে ব্যাখ্যা করার দক্ষতা অর্জন করতে হবে।
পাঠ্যবইয়ের যে অংশের আলোকে উদ্দীপক তৈরি করা হবে সাধারণত সে অংশ থেকেই অনুধাবনমূলক প্রশ্নটি করা হবে, তাই সংশ্লিষ্ট অংশটির মূলভাব অনুধাবন করতে পারলেই এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে।
অনুধাবনমূলক প্রশ্নের নম্বর ২। কারণ এর মধ্যে একটি নম্বর জ্ঞানের জন্য আরেকটি নম্বর অনুধাবনের জন্য। তুমি ইচ্ছে করলে জ্ঞান অংশের উত্তর আগে অনুধাবনমূলক উত্তর পরে অথবা অনুধাবনমূলকের উত্তর আগে জ্ঞানমূলকের উত্তর পরে লিখতে পার। তবে জ্ঞানমূলকের উত্তর আগে লিখে অনুধাবনের উত্তর পরে লেখাই ভালো। অনুধাবনের প্রশ্নের উত্তর এক প্যারাতেও লেখা যায়। তবে দুই প্যারাতে লেখার চেষ্টা করবে।