চীনে সামরিক নথি ফাঁস করার দায়ে একব্যক্তির ১০ বছর কারাদণ্ড
প্রকাশ : ০৬ মে ২০১৪, ২১:০৩
বিদেশি গোয়েন্দার কাছে দেশের গোপন সামরিক নথি ও ছবি ফাঁস করার দায়ে এক ব্যক্তিকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে চীন। সোমবার চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম দৈনিক চায়না এ খবর জানিয়েছে। তবে কোন দেশের গোয়েন্দার কাছে এসব তথ্য ফাঁস করা হয়েছে তা উল্লেখ করা হয়নি।
একটি শীর্ষস্থানীয় চীনা টেলিযোগাযোগ কোম্পানির ওপর যুক্তরাষ্ট্র সরকারের গোয়েন্দা নজরদারির খবর প্রকাশ হওয়ার পর নিজেদের ইন্টারনেট নিরাপত্তা সুদৃঢ় করার কাজ শুরু করেছে চীন। দৈনিক চায়নার প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেটে একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেই লি নামে সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিল বিদেশি গোয়েন্দা প্রতিনিধি। লি ১৩টি অত্যন্ত গোপনীয় নথি ফাঁস করেছিলেন বলে জানিয়েছে দৈনিক চায়না। ফাঁস করা এসব নথির মধ্যে অন্য তথ্যসহ চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং এর সামরিক ঘাঁটিগুলো সম্পর্কে তথ্য ছিল।
চীনে ইন্টারনেট ও মোবাইল ফোনের ব্যবহার ব্যাপক বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির সেনাবাহিনী গোপনীয়তা রক্ষায় “জটিল ও মারাত্মক পরিস্থিতির” মুখে রয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।