সিরিয়ার বিরোধীদের মিশন খুলতে যুক্তরাষ্ট্রের অনুমতি
প্রকাশ : ০৬ মে ২০১৪, ২১:০৩
ওয়াশিংটনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সিরিয়ার বিরোধী জোট সিরিয়ান অপজিশন কোয়ালিশনকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক মিশন চালুর অনুমোদন দেয়া হয়েছে। এখন পর্যন্ত সিরিয়ার বিরোধীদের কেবলমাত্র যুক্তরাষ্ট্রে একটি লিয়াঁজো অফিস রয়েছে।
এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন কোয়ালিশনের প্রেসিডেন্ট আহমাদ আল জার্বা ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের এক বৈঠকে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ম্যারি হার্প বলছেন, কোয়ালিশনকে মিশন চালুর অনুমতি দেয়ার মানে কোয়ালিশনকে সিরিয়ার সরকার হিসেবে স্বীকৃতি দেবার মত কিছু নয়। বরং এটি যুক্তরাষ্ট্র ও কোয়ালিশনের মধ্যকার বন্ধুত্বের একটি প্রতিফলন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কোয়ালিশনকে অর্থায়ন ও নিরাপত্তা দেয়ার বিষয়টি সহজ হবে বলে মন্তব্য করেন ম্যারি হার্প। ২০১২ সালে যুক্তরাষ্ট্র কোয়ালিশনকে সিরিয়ার মানুষের বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়।
আগামি মাসে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিরোধীদের দমনে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের অব্যাহত আক্রমণের জবাব দিতে বিরোধীরা আশা করছে যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে সহায়তা করবে।
প্রায় তিন বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধ সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন রনাঙ্গনে প্রেসিডেন্ট আসাদের সেনাবাহিনী ও বিরোধীরা পাল্টাপাল্টি আক্রমণ চালাচ্ছে। এতে মারা যাচ্ছে শত শত মানুষ। সম্প্রতি বিদ্রোহী নিয়ন্ত্রিত আনসারিতে একটি বিদ্যালয়ে দুই দফা বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১০টি শিশুও রয়েছে। আলেপ্পো ভিত্তিক নাগরিক সাংবাদিক মোহাম্মাদ আল-খতিব স্কাইপির মাধ্যমে বলেন, ওই বিদ্যালয়ে বিমান হামলার সময় শিশুদের ড্রয়িং প্রদর্শিত হচ্ছিল। এর আগে গত বছরের শেষ দিকে জাতিসংঘের উদ্যোগে শান্তি প্রচেষ্টা শুরুর পর গৃহযুদ্ধ কিছুটা কমে এসেছিল। শান্তি আলোচনায় অংশ নিয়েছিল বিদ্রোহী গোষ্ঠী ও আসাদের প্রতিনিধি দল।