সংবাদ কণিকা

ফিজি নেতার নতুন দল ফিজির ক্ষমতাধর ব্যক্তি ভোরেজ বেইনিমারামা সোমবার নতুন রাজনৈতিক দল গঠনের আবেদন করেছেন। আশা করা হচ্ছে, তার দলটি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় নির্বাচনে প্রশান্ত মহাসাগরীয় দেশটির গণতন্ত্রে ফিরে আসার পথকে সুগম করবে। বেইনিমারামা ২০০৬ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। তিনি ১৭ সেপ্টেম্বর নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মার্চ মাসে সামরিক বাহিনী থেকে পদত্যাগ করেন। ১৯৮৭ সাল থেকে এ পর্যন্ত ফিজিতে ৪-বার অভ্যুত্থান ঘটেছে। —এএফপি চীনে ট্রেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬ চীনে মঙ্গলবার একটি ট্রেন স্টেশনে ছুরিকাঘাতে ছয় জন আহত হয়েছে। চীনের বিভিন্ন গণপরিবহন কেন্দ্রে প্রায়ই এ ধরনের সহিংস ঘটনা ঘটছে। নগরীর জননিরাপত্তা ব্যুরো এক বিবৃতিতে জানায়, চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংঝু নগরীতে ট্রেন স্টেশনে হামলাকারীদের একজনকে পুলিশ গুলি করেছে। আহত ছয়জনের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। —এএফপি চলে গেলেন অভিনেত্রী তাতিয়ানা সোভিয়েত আমলের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী তাতিয়ানা স্যাময়লোভা সোমবার ৮০ বছর বয়সে মারা গেছেন। ‘দ্য ক্রেনস্ আর ফ্লাইং’ ও ‘আন্না কারেনিনা’-চলচ্চিত্রে অভিনয় করে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। এছাড়াও তাতিয়ানা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বিয়োগান্তক প্রেমকাহিনী ভিত্তিক যুদ্ধবিরোধী চলচ্চিত্র ‘দ্য ক্রেনস্ আর ফ্লাইং’-এ ভেরোনিকা চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি কুড়িয়েছেন। মিখাইল কালাতোজোভ পরিচালিত এ ছবির জন্যে তিনি ১৯৫৮ সালে কান ফিল্ম ফেস্টিভালে ‘পাম দো’র পুরস্কার পান। —এএফপি