দেশের অভ্যন্তরীণ সমস্যায় যেন এসএমই খাত বিলীন না হয় : গভর্নর

দেশের অভ্যন্তরীন সমস্যার কারণে এসএমই খাত যেন বিলিন হয়ে না হয়ে যায় সেজন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতিতে বিদেশী ব্যাংকের কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন তিনি। তাই এ ব্যাংকগুলোকে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে বাধ্য করার জন্য কঠোর নীতিমালা করতে হবে। গতকাল বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘সাসটেইনেবল বিজনেস মডেল ফর এসএমই ব্যাংকিং’ র্শীষক সেমিনারে তিনি এসব কথা বলেন। ড. আতিউর রহমান বলেন, বিদেশী ব্যাংকগুলো আমাদের দেশ থেকে শুধু ব্যবসা করে যাচ্ছে কিন্তু আমাদের অর্থনীতিতে কোন অবদান রাখছে না। তাই এ ব্যাংকগুলোকে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে বাধ্য করার জন্য কঠোর নীতিমালা করতে হবে। দেশের মোট ঋণ খেলাপির ৩ ভাগের ২ ভাগ হলো বড় বড় ঋণ গ্রহীতারা। এদের সংখ্যা কম হলেও আমরা এদের ব্যাপারে তেমন গুরুত্ব দিই না অথচ এসএমই খাতে সামান্য খেলাপি ঋণের আভাস পেলেই তা নিয়ে গবেষণা শুরু হয়ে যায়। এসএমই ঋণ গ্রহীতাদের অতি সামান্যই খেলাপি হচ্ছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, বিশ্বে ভবিষ্যত্ সম্ভাবনার দেশ হিসেবে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে আছে। আর প্রথম অবস্থানে আছে ভিয়েতনাম। দেশের অভ্যন্তরীন সমস্যার কারণে দেশের এ সম্ভাবনা যেন বিলিন হয়ে না যায় তার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। সেমিনারের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ মো. ইহসানুল করিম, বিআইবিএম-এর মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার, আইডিএলসি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসাইন।