দেশ এগিয়ে নিতে চাই মানসম্মত শিশু শিক্ষা
প্রকাশ : ০৬ মে ২০১৪, ২১:২৪
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন, শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি প্রাথমিক শিক্ষা। এটি উচ্চ শিক্ষার পথ গড়ে দেয়। প্রাথমিক শিক্ষা ৫ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত করার কাজ চলছে।
‘সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষায় উদ্ভাবন ও উত্কর্ষতা’ শীর্ষক অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে প্রথম জাতীয়করণ করেছেন। এরপর বর্তমান সরকার ২০০৯ সালে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে নানা প্রকল্প হাতে নিয়েছেন। ২০১০ সালে শিক্ষানীতি বাস্তবায়ন হয়েছে। এর উপর ভিত্তি করে দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এগিয়ে চলছে। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শেয়ার এডুকেশন প্রোগাম’ -এর দ্বিতীয় বার্ষিক সম্মেলনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় মন্ত্রী আরো বলেছেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন দাতা সংস্থা, এনজিও যেমন ব্র্যাক, শেয়ার ইত্যাদি বিভিন্ন কাজ করে যাচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরো এগিয়ে আসতে হবে। প্রযুক্তির কল্যাণে মানসম্মত শিক্ষার জন্য যত্ন নিচ্ছি। আমাদের আইটি সেক্টরে এগিয়ে যেতে হবে। ভিশন-২০২১ বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা আমাদের আলোর পথ দেখাবে। সকল শিশুকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. এস আলম চৌধুরী। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমদ মানকিন।
অ্যাডভোকেট প্রমদ মানকিন বলেছেন, সৃজনশীল চেতনায় সুবিধাবঞ্চিত এবং সুবিধাভোগী শিশুদের মধ্যে কোন তফাত্ নেই। আমাদের সামাজিক গঠন এ তফাত্ সৃষ্টি করেছে। একটি ভালো জাতি এবং সমাজ নির্ভর করে শিক্ষার উপর। আমাদের শিশুদের জন্য বেসিক শিক্ষা দরকার। বর্তমান শিশুরা শিক্ষার জন্য অনেক সুযোগ-সুবিধা পাচ্ছে। প্রাথমিক শিক্ষা স্বাধীন এবং বাধ্যতামূলক। তাই এ শিক্ষার প্রতি আরো জোর দিতে হবে।
উইলিয়াম হানা বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য দুই যুগেরও বেশি সময় ধরে সহযোগিতা করে আসছে। বাংলাদেশের শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের অর্থায়ন অব্যাহত থাকবে। বেসরকারি প্রতিষ্ঠান শেয়ারের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সকল প্রকল্প ইউরোপীয় ইউনিয়ন সমর্থন করেছে।