দরিদ্রদের সেবায় চালু হচ্ছে ‘গ্রামীণ জনপদ’ প্রকল্প

পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল জানিয়েছেন, অতি দরিদ্রসহ গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সরকার অচিরেই ‘গ্রামীণ জনপদ’ নামক একটি প্রকল্প চালু করতে যাচ্ছে। ফলে গ্রামীণ জনগোষ্ঠীসহ দরিদ্র জনগোষ্ঠীর বাসস্থানের নিশ্চয়তা ও নাগরিক সেবা প্রাপ্তি নিশ্চিত হবে। সোমবার পরিকল্পণা মন্ত্রণালয়ে বিশ্বখাদ্য কর্মসূচির বাংলাদেশ প্রধান ক্রিস্টিনা রাডারের সাথে সাক্ষাত্ শেষে এ কথা জানান তিনি। এসময় বিশ্বখাদ্য কর্মসূচির কার্যক্রমকে কল্যাণমুখী ও মানব হিতকর উল্লেখ করে এ কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান পরিকল্পণা মন্ত্রী। বৈঠকে ক্রিস্টিনা বাংলাদেশে তাদের কার্যক্রম আরো গতিশীল করতে বেসরকারি খাতের সহায়তা কামনা করেন। তিনি বলেন, আমরা খাদ্য নিরাপত্তা কর্মসূচিসহ স্কুল ফিডিং-এ বেসরকারি খাতের আর্থিক সহায়তা কামনা করছি। এতে করে শিক্ষা খাত গতিশীলতা পাবে এবং বাংলাদেশে দক্ষতাসম্পন্ন জনশক্তি গড়ে উঠবে; যা এ দেশের অর্থনীতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে। এজন্য বেসরকারি খাতকে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।