নারীর ক্ষমতায়নে প্রধান অন্তরায় জঙ্গিবাদ :তথ্যমন্ত্রী
প্রকাশ : ০৬ মে ২০১৪, ২১:২৫
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ নারীর ক্ষমতায়নে প্রধান অন্তরায়। একটি দেশে অনেক দল থাকে। যে দল নারীর পক্ষে কথা বলে, শ্রমিকের পক্ষে কথা বলে এবং তাদের সুবিধাগুলো দেখে তাদেরকেই আমাদের সমর্থন দেয়া উচিত। আর এজন্য মন্ত্রী নারী শ্রমিকদের সমকাজে সমমজুরি এবং সংঘবদ্ধ হওয়ার জন্য ট্রেড ইউনিয়ন করার অধিকারের উপর জোর দেন।
মঙ্গলবার মহান মে দিবস ও কর্মজীবী নারীর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘কৃষি শ্রমিকসহ সকল শ্রমিকের জন্য কাজ, তবে মর্যাদার সাথে’ শীর্ষক এই অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার, উন্নয়ন গবেষক ও বিশ্লেষক জাকিয়া কে হাসান, অধ্যাপক লতিফা আখন্দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্মজীবী নারীর সাধারণ সম্পাদক শারমিন কবীর।
অনুষ্ঠানের শুরুতে তাজরীন গার্মেন্টস, রানা প্লাজাসহ সকল দুর্ঘটনা ও শ্রমিক আন্দোলনে নানা সময়ে নিহত শ্রমিকদের কথা স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে গান ও নাটিকা পরিবেশন করা হয়।
ডিএসইসি নেতৃবৃন্দের
সঙ্গে মতবিনিময়
এদিকে তথ্যমন্ত্রী গণমাধ্যম কর্মীদের প্রতি গণতন্ত্রকে নির্বিঘ্ন ও বিকশিত করতে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন। তিনি মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নবনির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এই আহবান জানান।
ডিএসইসি’র পক্ষে সভাপতি আশরাফুল ইসলাম, সহ-সভাপতি কেএম শহীদুল হক, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিঞা এবং যুগ্ম সম্পাদক নাসরীন গীতি বক্তব্য রাখেন। তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রমে মন্ত্রীর সহযোগিতার কথা উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা জানান। এর আগে ডিএসইসি’র সাধারণ সম্পাদক শাহজাহান মিঞা মন্ত্রীর কাছে সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেশ করেন। এতে সংগঠনের স্থায়ী কার্যালয়, কল্যাণ তহবিলে অনুদান, সাব-এডিটরদের প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রীর সাহায্য-সহযোগিতা ও সমর্থন কামনা করা হয়। মন্ত্রী এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সহযোগিতার আশ্বাস দেন।