দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৩শ’ মেগাওয়াট লোডশেডিং

তাপ প্রবাহের কারণে গরমের তীব্রতা বেড়েছে। সে সাথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের জেলাগুলোতে লোডশেডিংয়ের মাত্রাও বেড়েছে। পিক আওয়ারে এ অঞ্চলের ২১ জেলায় বিদ্যুতের লোডশেডিং গড়ে সাড়ে ৩শ’ মেগাওয়াট। ফলে প্রতি জেলায় রুটিন লোডশেডিং করতে হয়। একে তো তীব্র গরম তার উপর লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি সৃষ্টি হয়েছে। জানা যায়, রবিবার সন্ধ্যায় পিক আওয়ারে ২১ জেলায় বিদ্যুতের ১১শ’ ৪০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ছিল ৭শ’ ৭৫ মেগাওয়াট। লোডশেডিং করতে হয় ৩শ’ ৬৫ মেগাওয়াট। অপরদিকে এ অঞ্চলে বিদ্যুত্ উত্পাদন পরিস্থিতিও নাজুক। এখানকার কুইক রেন্টাল প্লান্টে উত্পাদন বন্ধ রয়েছে। খুলনার ১১০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রে উত্পাদনের পরিমাণ ৫৫ মেগাওয়াট। ৬০ মেগাওয়াট কেন্দ্রটি অনেকদিন ধরে বন্ধ। জেলা শহরগুলোতে রুটিন লোডশেডিং চলছে। প্রতিদিন এক-দেড় ঘণ্টা লোডশেডিং চলছে। উপজেলা শহরগুলোতে লোডশেডিংয়ের মাত্রা আরো বেশি। ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশান কোম্পানির সহকারী প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, তীব্র গরমের কারণে লোডশেডিং হচ্ছে। বৃষ্টি হলে লোডশেডিং কমে যাবে।