জাতীয় রবীন্দ্র উত্সব শুরু

রবীন্দ্রনাথ আছেন বাঙালির সংগ্রামে, আনন্দে। আছেন মহা দুর্যোগে প্রেরণা হয়ে। প্রতিবছর তাঁর জন্মদিন সেই জাগরণী মন্ত্র নতুন করে বুলিয়ে দিয়ে যায় বাঙালির জীবনে। ‘...দিবে আর নিবে/মিলাবে মিলিবে/ যাবে না ফিরে’ রবীন্দ্রনাথের পংতিমালা ধারণ করে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার পাঁচদিনের পঞ্চবিংশ জাতীয় রবীন্দ্র উত্সব। উত্সব আয়োজনে প্রফেসর এমিরেটাস আনিসুজ্জামান বলেন, ‘আমরা বাংলাদেশে রবীন্দ্রনাথকে পেয়েছি যুদ্ধ করে। আর কোন দেশে কোন কবির জন্য রাষ্ট্রের অধিকারীদের সঙ্গে লড়াই করতে হয় নি। রবীন্দ্রনাথ আমাদের মর্মে আছেন, ভাবজগতে আছেন। তার কর্মজীবন থেকে আমাদেরকে পথ দেখতে হবে। কারণ, তার রচনাতেই আমাদের পথ চলার উপাদান রয়েছে।’ তিনি আরো বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের মানবিকতার যে পথ দেখিয়েছেন — ব্যক্তিগত ও সমষ্টিগত হয়ে সে পথে চলতে হবে। তাহলেই এগিয়ে চলার পথ তৈরি হবে।’ বিকালে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে প্রবেশ মুখে মঙ্গল প্রদীপ ও এক ঝাঁক বর্ণিল বেলুন উড়িয়ে উত্সবের উদ্বোধন করেন পদ্মভূষণপ্রাপ্ত অধ্যাপক আনিসুজ্জামান এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনের পরেই রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তীর মূল মঞ্চে শুরু হয় শিল্পীদের সমবেত পরিবেশনা। তারা গেয়ে শোনান ‘আমার মাথা নত করে দাও হে/ তোমার চরণ ধূলার তলে’। এরপর ‘আগুনের পরশমনি’,‘ আকাশ ভরা সূর্য তারা’। এরপর সংগঠনটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা জানান হয় এমেরিটাস প্রফেসর আনিসুজ্জামানকে। তার জীবনী পাঠ করেন সংস্থার উপদেষ্টা আমিনা আহমেদ ও শ্রদ্ধার্ঘ্য পাঠ করেন সভাপতি তপন মাহমুদ। এর আগে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাজেদ আকবর। পরে একক কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন মিতা হক, শামা রহমান, আজিজুর রহমান তুহিন, ছায়া রানী কর্মকার, অলি ভৌমিক, অনুশ্রী ভট্টাচার্য প্রমুখ। সমবেত সংগীত পরিবেশন করে সুরের ধারা। রবীন্দ্রনাথের রচনা থেকে আবৃত্তি করেন বাকশিল্পী ডালিয়া আহমেদ। পাঁচদিনের এ উত্সবে আজ বুধবার দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। বাকি তিনদিন বিকেল পাঁচটা থেকে। উত্সবের প্রথম দিন স্মরণ করা হয় মান্না দে ও খালেদ খানকে। উত্সব উত্সর্গ করা হয়েছে শিল্পী বশির আহমেদ ও আজাদ হাফিজের স্মৃতির উদ্দেশে। শিল্পকলায় দুইদিনের রবীন্দ্রসঙ্গীত উত্সব কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংসদের আয়োজনে মঙ্গলবার শুরু হয়েছে দুই দিনের রবীন্দ্রসঙ্গীত উত্সব। শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এর উদ্বোধন করেন রবীন্দ্র গবেষক ড. করুণাময় গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ড. শমসের আলী। সংসদের সভাপতি সুধীন দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শিল্পী ফাহিম হোসেন চৌধুরী। আলোচনা শেষে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন রোকাইয়া হাসিনা, হাসি বিশ্বাস, প্রেয়সী রায় মুমু, রাবেয়া আক্তার, বদরুন্নেসা ডালিয়া প্রমুখ। ছায়ানটে আজ থেকে রবীন্দ্র উত্সব আজ বুধবার থেকে দেশের ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানটের আয়োজনে শুরু হচ্ছে দুইদিনের রবীন্দ্র উত্সব। ছায়ানট মিলনায়তনে দুই দিনের এ আয়োজনে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকছে গান, নাচ, পাঠ ও বক্তৃতা। এতে অংশ নেবে ৬০ জন সঙ্গীত শিল্পী। এর মধ্যে আমন্ত্রিত অতিথি থাকবেন ৩০ জন। মঙ্গলবার ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র স্মৃতি মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ সব তথ্য জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আলম শাকিল। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ডা. সারওয়ার আলী, নির্বাহী পরিচালক সিদ্দিক বেলাল প্রমুখ।