আজানের ধ্বনি শুনেই নির্বাচনী বক্তৃতা বন্ধ করলেন রাহুল

ভারতে চলতি লোকসভা নির্বাচনের প্রচারণায় এলাহবাদে গিয়ে মসজিদ থেকে আগত আজানের ধ্বনি শুনেই বক্তৃতা থামিয়ে দিলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। গতকাল মঙ্গলবার ভারতের দ্য এক্সপ্রেস ট্রিবিউটন পত্রিকা জানায়, কেবল বক্তৃতা বন্ধ করা নয়, মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দিতে রাহুল তার মাইক ছেড়ে এক পাশে সরে যান এবং যতক্ষণ আজান চলছিল ততক্ষণ তিনি নতমস্তকে দাঁড়িয়ে থাকেন। তার সাথে থাকা দলীয় নেতাকর্মীরাও তাকে অনুসরণ করেন। লোকসভা নির্বাচনের অষ্টম পর্বের ভোটের নির্বাচনী প্রচারণা শেষ হবার নির্ধারিত সময়ের মাত্র দেড় ঘন্টা আগে রাহুল এলাহবাদের অ্যাংলো বাংলা কলেজে পৌছান। সময় ফুরিয়ে যাবার আগেই প্রচারণা যতদূর সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার তাড়াহুড়ো ছিল কর্মীদের মধ্যে। কিন্তু ব্যস্ততা সত্ত্বেও রাহুল আজানের ধ্বনির প্রতি সম্মান দেখানোয় সেখানকার মুসলমানরা তার প্রতি সন্তোষ প্রকাশ করেন। রাহুল সেখানে গিয়ে নেহেরুর সময় থেকে এই এলাকার সাথে গান্ধী পরিবারের সম্পর্কের কথা তুলে ধরে এবারের নির্বাচনে সাম্প্রদায়িক শক্তি থেকে দূরত্ব বজায় রাখার আহ্বান জানান। বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আবার ক্ষমতায় গেলে কি কি সুবিধা দিবেন সে প্রসঙ্গ উঠতেই নিকটস্থ একটি মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে। আজান শেষ হবার পর রাহুল আবার মাইকের সামনে গিয়ে দাঁড়াতেই সমবেত হিন্দু-মুসলিম জনতা বিপুল করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। প্রায় ৩৫ মিনিট ধরে রাহুল সেখানে ভাষণ দেন। মন্ত্রমুগ্ধের মতো পুরো সময় শ্রোতারা তার কথা শোনে। বক্তব্য শেষ করে নিরাপত্তা বেষ্টনি ভেঙে সাধারণ মানুষের সাথে করমর্দন করেন।