সরকার বদলের ক্ষমতা বিএনপির নেই
গুম-খুন আতংকে মানুষ :এরশাদ
প্রকাশ : ০৬ মে ২০১৪, ২৩:২০
জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপির হাতে সংবিধান সংশোধনের ক্ষমতা নেই এবং সরকার বদলের ক্ষমতা নেই। আর আন্দোলন-সংগ্রাম করে সরকার বদল করা যায় না। তিনি বলেন, এ সরকারের আমলে সারাদেশে খুন ও গুম শুরু হয়েছে। এতে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। কাজেই অবিলম্বে সরকারের উচিত এসব অপরাধ কঠোর হস্তে দমন করা।
গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউজ মিলনায়তনে জেলা জাপা নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, বিএনপি এখন বুঝছে, নির্বাচন না করে তারা ভুল করেছে। তাদের রাজনীতির কোন ভবিষ্যত্ নেই। আগামীতে নির্বাচন দিলেও তারা নির্বাচনে আসতে পারবে না। কারণ আওয়ামী লীগ সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এরশাদ বিএনপি’র সমালোচনা করে বলেন, তারা জাতীয় পার্টির সাথে হাত মেলানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ায় দীর্ঘ ৩০ বছর পর তাকে মঞ্জুর হত্যার খুনি বলে অভিযুক্ত করছে।