মাগুরায় জুডিশিয়াল কোর্ট বর্জন করলেন আইনজীবীরা

মাগুরায় দুই আইনজীবীর সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে গতকাল মঙ্গলবার দুপুরে আইনজীবীরা সিনিয়র জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মোঃ আব্বাসউদ্দিনের আদালত বর্জন করেছেন। এই ঘটনার প্রতিবাদে আজ বুধবার জেলা আইনজীবী সমিতি সাধারণ সভা আহবান করেছে। একটি মামলায় আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে ম্যাজিস্ট্রেট আব্বাসউদ্দিন তা না-মঞ্জুর করেন। বিষয়টি নিয়ে দুই আইনজীবীর সাথে ম্যাজিস্ট্রেটের কথা কাটাকাটির এক পর্যায়ে দুই আইনজীবীকে গ্রেফতারের জন্য পুলিশকে বলেন। এ সময় উপস্থিত আইনজীবীরা ম্যাজিস্ট্রেটের এ কথায় ক্ষুব্ধ হয়ে আদালত বর্জন করে বেরিয়ে আসেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলু জানান, ৪০৬/৪২০ ধারার একটি মামলায় আসামি হাজির করে জামিনের করলে ম্যাজিস্ট্রেট জামিন না-মঞ্জুর করেন। এরপর আইনজীবীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’জনকে পুলিশ ডেকে গ্রেফতারের নির্দেশ দিলে আইনজীবীরা তার আদালত বর্জন করে বেরিয়ে আসেন।