ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীর কবজি ও পা কর্তন
প্রকাশ : ০৭ মে ২০১৪, ০০:১৩
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামে গত সোমবার রাতে আধিপত্য বিস্তারের জের ধরে সোহেল নামে এক আওয়ামী লীগ কর্মীর এক হাতের কবজি কর্তন করেছে দলীয় প্রতিপক্ষরা। তার একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। মুমূর্ষু অবস্থায় সোহেলকে প্রথমে যশোর হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি হলে তাকে গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ মামলার তিন আসামি কালি ওরফে মর্জিনা, একই এলাকার গোলাম রসূলের ছেলে কামাল পাশা ও আদর্শপাড়া গ্রামের মোতালেবের ছেলে রবিউল ইসলাম পিন্টুকে গ্রেফতার করেছে।
কোটচাঁদপুর থানার ওসি ফজলুর রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে সোমবার রাত ১১টার দিকে সোহেলের সঙ্গে তার প্রতিপক্ষের ঝামেলা হয়। এ ঘটনার জের ধরে তারা সোহেলকে কুপিয়ে তার একটি হাতের কবজি কেটে ফেলে ও বাম পা প্রায় বিচ্ছিন্ন করে দেয়।