এক রাষ্ট্রদূতকে হত্যার হুমকি
বানারীপাড়া থেকে আটক হলো মিরাজ
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ০৭ মে ২০১৪, ০০:১৪
ঢাকায় গুলশান এলাকায় ইইউ’র এক রাষ্ট্রদূতকে এসএমএস’র মাধ্যমে হত্যার হুমকি দেয়ায় বানারীপাড়ার এসএসসি পরীক্ষার্থী মো. মিরাজ হোসেনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওসি গোলাম ছরোয়ারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের ২ নং ওয়ার্ডের প্রয়াত হাজী নুর হোসেন মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি ট্যাব মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়। আটককৃত মিরাজ উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করপাড়া গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, ঢাকার গুলশান এলাকার ইইউ’র এক রাষ্ট্রদূতকে এসএমএস’র মাধ্যমে হত্যার হুমিক দেয়ার ঘটনায় গত চার মে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। যার নং ২১৩। ওই ডায়েরির সূত্র ধরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে মিরাজকে আটক করা হয়।