‘রবির আলো’ অ্যালবাম প্রকাশিত

এ সময়ের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়ের ৫ম একক অ্যালবাম ‘রবির আলো’ প্রকাশ হলো। অ্যালবামটি ৫ মে থেকে পাওয়া যাচ্ছে সবখানে। এটি প্রকাশ করছে ইমপ্রেস অডিও ভিশন। এটি তার ছোট্ট প্রশংসিত রবীন্দ্রসংগীত ক্যারিয়ারের পঞ্চম একক। এ উপলক্ষে গত ৪ মে চ্যানেল আইয়ের ছাদঘরে গুণী এই শিল্পীর অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর এমিরেটাস ড. আনিসুজ্জামান, বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী সাদী মহম্মদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মীজানুর রহমান, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লি.-এর উপদেষ্টা নাসির এ চৌধুরী এবং রবীন্দ্র একাডেমির সভাপতি আজিজুর রহমান আজিজ। প্রকাশনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ড. আনিসুজ্জামান বলেন, ‘রবীন্দ্রনাথকে ধারণ করলেই একমাত্র জাগতিক কুসংস্কার থেকে মুক্তি পাওয়া সম্ভব। দীর্ঘদিন ধরে অণিমার এই রবীন্দ্র-সাধনার ক্রমবিকাশ ঘটুক এই শুভ প্রত্যাশা করি।’ বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সাদী মহম্মদ বলেন, ‘অণিমা আমার যোগ্য এক ছাত্রী। রবীন্দ্রগানের প্রতি ওর নিরলস চেষ্টা ও ব্রতই আজ ওকে এই অবস্থানে নিয়ে এসেছে। ‘রবির আলো’ অ্যালবামটি এর নামের মতোই সবার মনে প্রাণের আলো ছড়াক সেই শুভ প্রত্যাশায় আমিও।’ অনুষ্ঠানের শুরুতে অণিমার গানে চমত্কার একটি নাচের পরিবেশনা করে শিল্পীর গড়া প্রতিষ্ঠান সুরবিহারের ক্ষুদে নৃত্যশিল্পীরা। উল্লেখ্য, অণিমা রায় বর্তমানে রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে নিজস্ব চর্চার পাশাপাশি রবীন্দ্রসংগীতের প্রভাষক হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। ২০০৮ সালে কলকাতা থেকে প্রকাশ পায় অণিমার প্রথম অ্যালবাম ‘অচেনা পরদেশি’। এরপর ২০০৯ সালে বাংলাদেশ থেকে প্রকাশ পায় ‘কোথা যাও’। পরের বছর ‘আমি চিত্রাঙ্গদা’। তারপর ২০১২ সালে আসে ‘ইচ্ছামতি’। ‘রবির আলো’ প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘রবীন্দ্রনাথের প্রেম, পূজা এবং প্রকৃতি পর্যায়ের গান নিয়ে অ্যালবামটি সাজিয়েছি। মোট গান থাকছে ১০টি। সবক’টি গানের সংগীতায়োজন করেছেন কলকাতার প্রত্যুষ বন্দোপাধ্যায়। আর রেকর্ড করেছি সেখানকার ভাইব্রেশন স্টুডিওতে। সব মিলিয়ে অ্যালবামটি সব ধরনের শ্রোতার কাছে ভালো লাগবে বলে বিশ্বাস। অণিমা আরও বলেন, ‘এ অ্যালবামটি মূলত ইমপ্রেস অডিও ভিশনের উদ্যোগে করা। আমি আনন্দিত যে তারা আমাকে এমন একটি সুযোগ করে দিয়েছেন। গানগুলোর ক্ষেত্রে চেয়েছি সব ধরনের শ্রোতার কথা চিন্তা করে নির্ধারণ করতে। বিশেষ করে তরুণ ও নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রসংগীতকে তার চিরায়ত ঢং কিন্তু আধুনিক আঙ্গিকে পৌঁছে দেওয়াই আমার এই অ্যালবামের লক্ষ্য।’ ‘রবির আলো’ অ্যালবামে স্থান পাওয়া গানগুলোর শিরোনাম হলো, ‘তুমি যে আমারে চাও’, ‘কাঁদালে তুমি মোরে’, ‘ভেঙে মোর ঘরের চাবি’, ‘আমার মুক্তি আলোয় আলোয়’, ‘জীবন মরণের সীমানা ছাড়ায়ে’, ‘মোর বীণা উঠে কোন সুরে বাজি’, ‘হূদয়ের একূল ওকূল’, ‘কতবার ভেবেছিনু’, ‘আধেক ঘুমে নয়ন চুমে’, ‘এমন দিনে যারে বলা যায়’।