আরও এগিয়ে...

গত বছর এক নাগাড়ে চার চারটি ব্লকবাস্টার সিনেমার নায়িকা হওয়ার পাশাপাশি এ বছরের শুরু থেকে বলিউডের প্রায় সবগুলো অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন দীপিকা পাড়ুকোনের ক্যারিয়ারে নতুন মাত্রা যুক্ত করেছে সন্দেহ নেই। সাফল্য অর্জন, অভিনয়ে কৃতিত্ব প্রদর্শনের ক্ষেত্রে বলিউডের জনপ্রিয় এই তারকা অভিনেত্রী নিজেকে নতুন উচ্চতায় অধিষ্ঠিত করেছেন। এ বছর দীপিকা আবার নতুন কোনো চমক নিয়ে আসছেন রুপালি পর্দায়—এ নিয়ে কৌতূহল সবার। তার নতুন ছবির প্রতীক্ষায় রয়েছেন অগণিত দর্শক। দীপিকা পাড়ুকোনের নতুন ছবি, ক্যারিয়ারের হালচাল ইত্যাদি বিষয় নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন এ বছরের ৪ মাস পেরিয়ে যাচ্ছে। এ সময়ে দীপিকা পাড়ুকোন অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। দর্শক তার অভিনীত নতুন ছবির অপেক্ষায় রয়েছেন। গত বছরে চার চারটি ব্লকবাস্টার সিনেমায় তাকে প্রধান নায়িকা চরিত্রে দেখার পর দীপিকাকে নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। চারটি ছবিতে দীপিকা চারটি ভিন্ন ধাঁচের চরিত্রে উপস্থিত হয়েছিলেন। প্রতিটি ছবিতেই চরিত্রানুযায়ী চমত্কার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি। কোথাও নেগেটিভ ইমেজের স্মার্ট তরুণী, আবার কোথাও সহজ সরল পড়ুয়া সাধারণ তরুণী, কখনও রোমান্টিক অথচ দৃঢ়চেতা গুজরাটি মেয়ে কখনোবা তামিল গ্যাংস্টার কন্যা—এভাবে বিচিত্র ধরনের চরিত্রে রোমান্টিক, কমেডি, চ্যালেঞ্জিং রোলে নিজের সক্ষমতা প্রমাণ করেছেন দীপিকা। যে কারণে গত বছরের সেরা অভিনেত্রীর পুরস্কারটি একে একে বগলদাবা করেছেন। সম্প্রতি আমেরিকার ফ্লোরিডায় অনুষ্ঠিত আইআইফা অ্যাওয়ার্ডে সেরা এন্টারটেইনার হিসেবেও পুরস্কার পেয়েছেন দীপিকা। আগামী সপ্তাহে দীপিকা অভিনীত বহুল প্রতীক্ষিত দক্ষিণী সিনেমা ‘কোচাদাইয়ান’ মুক্তি পাচ্ছে। এ ছবিতে দক্ষিণী সিনেমার জীবন্ত কিংবদন্তি তারকা রজনীকান্তের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের এই শীর্ষ অভিনেত্রী। মোশন ক্যাপচার টেকনোলজিতে নির্মিত পিরিয়ড ড্রামা সিনেমাটিতে দীপিকা অ্যাকশন ধাঁচের নারী চরিত্রে রূপদান করেছেন। নায়ক রজনীকান্তের সঙ্গেও মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হতে দেখা যাবে তাকে এ ছবিতে। দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের সঙ্গে বয়সের অনেক ব্যবধান হলেও দীপিকা অভিনয় করেছেন তার বিপরীতে। যা তার অভিনয় জীবনে এক অসাধারণ অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে। ‘আমি এ জন্য নিজেকে সৌভাগ্যবতী মনে করি। রজনী স্যার তার শিশুসুলভ সারল্য এবং চমত্কার ব্যবহারের মাধ্যমে আমাকে মুগ্ধ করেছেন। আমি তার এ ব্যবহার কোনোদিন ভুলব না’, ‘কোচাদাইয়ান’ ছবিতে রজনীকান্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে দীপিকা বলেন। এ ছবিতে তাকে সমসাময়িক ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়ার অ্যাকশন গার্ল ইমেজের চেয়ে আরও বেশি দুর্দান্তরূপে দেখা যাবে বলে জানা গেছে। ২৮ বছর বয়সী দীপিকা পাড়ুকোনকে এই মুহূর্তে বলিউডে সবচেয়ে চাহিদাসম্পন্ন তারকা অভিনেত্রী ভাবা হচ্ছে। প্রতিষ্ঠিত নবীন-প্রবীণ সব ধরনের চিত্রনির্মাতা এখন তাকে নায়িকা করে ছবি বানাতে উত্সাহ দেখাচ্ছেন। হালের শীর্ষ জনপ্রিয় অনেক নায়িকাই এ ক্ষেত্রে দীপিকার সঙ্গে পেরে উঠছেন না। কারিনা কাপুর ইতোমধ্যে তিনটি উল্লেখযোগ্য ছবিতে নায়িকা হওয়ার সুযোগ হারিয়েছেন যেগুলোতে অভিনয় করে দীপিকা আকাশ ছোঁয়া সাফল্য পেয়েছেন। যে কারণে কারিনার মনে এক ধরনের ভয় সৃষ্টি হয়েছে দীপিকাকে কেন্দ্র করে। এ বছর ‘কোচাদাইয়ান’ ছাড়াও দীপিকাকে আরও দুটি হিন্দি সিনেমায় দেখা যাবে, ছবিগুলো হলো—‘ফাইন্ডিং ফানি’। হোমি আদজানিয়া পরিচালিত এ ছবিটি ইংরেজি ও কোনকানি ভাষায়ও নির্মিত হয়েছে। এ ছবিতে দীপিকা অভিনয় করেছেন নতুন প্রজন্মের আলোচিত জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুরের বিপরীতে। এখানে তার সঙ্গে আরও আছেন নাসির উদ্দিন শাহ, ডিম্পল কাপাডিয়া, পংকজ কাপুরের মতো জাঁদরেল অভিনয় শিল্পীরা। ফারাহ খান পরিচালিত শাহরুখ খান প্রযোজিত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির কাজ প্রায় শেষ করেছেন দীপিকা। এখানে শাহরুখ খান ও অভিষেক বচ্চনের বিপরীতে তাকে দেখা যাবে। বলিউডে দীপিকার অভিষেক হয়েছিল ফারাহ খান পরিচালিত এবং শাহরুখ খান প্রযোজিত ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে। সম্প্রতি দীপিকা চুক্তিবদ্ধ হয়েছেন ইমতিয়াজ আলি পরিচালিত ‘তামাশা’ ছবিতে অভিনয়ের জন্য। এ ছবিতে আবার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে জুটিবদ্ধ হয়ে আসছেন তিনি। ‘বাঁচনা হ্যায় হাসিনো’ এবং ‘ইয়ে জোয়ানি হ্যায় দিওয়ানি’র বিরাট সাফল্যের পর দীপিকা আবার রণবীর কাপুরের নায়িকা হয়েছেন নির্মাণাধীন ‘তামাশা’ ছবিতে। ওদিকে সুজিত সরকার পরিচালিত ‘পিংকু’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে আছেন দীপিকা। কলকাতা শহরের পটভূমিকায় নির্মিতব্য ‘পিংকু’ ছবিতে তার সঙ্গে আছেন অমিতাভ বচ্চন ও ইরফান খানের মতো তারকা শিল্পী। প্রখ্যাত প্রযোজক-পরিচালক সঞ্জয়লীলা বানসালি ‘রামলীলা’ ছবির বিরাট সাফল্যের পর এবার তার দীর্ঘদিনের স্বপ্ন নতুন ছবি ‘বাজিরাও মাস্তানি’ নির্মাণ শুরু করতে যাচ্ছেন। বহু জল্পনা-কল্পনার পর ‘বাজিরাও মাস্তানি’ ছবির নায়িকা মাস্তানি চরিত্রের জন্য বানসালি ইতোমধ্যে দীপিকা পাড়ুকোনকে কাস্ট করেছেন। এ ছবিতে আবার রণবীর সিংয়ের পর্দা প্রেমিকা হবেন দীপিকা, প্রযোজক করণ জোহর তার বহুল আলোচিত ছবি ‘শুদ্ধি’র নায়িকা চরিত্রে দীপিকাকে কাস্ট করার ব্যাপারে স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন। দীপিকার বর্তমার ব্যস্ততার ফিরিস্তি আরও দেওয়া যায়। নিজের বর্তমান অবস্থান নিয়ে এক ধরনের আত্মতৃপ্তি অনুভব করছেন দীপিকা। ‘ব্যর্থতায় আমি কোনো সময়ে ভেঙে পড়িনি বরং এর মাধ্যমে শিক্ষাগ্রহণ করেছি। আমি আমার যোগ্যতা, সক্ষমতা, সীমাবদ্ধতা, অক্ষমতা সম্পর্কে সজাগ হয়েছি। তখন উপলব্ধি করেছি আমাকে কোন ধরনের ছবিতে কাদের সঙ্গে কাজ করতে হবে। আমি সতর্ক হয়ে গেছি সব ব্যাপারেই’, সাম্প্রতিক এক সাক্ষাত্কারে কথাগুলো বলেন দীপিকা।