জোকস

 একটা কমিউনিটি সেন্টারের অনুষ্ঠানে ১০০ জন লোকের খাওয়ার আয়োজন করা হয়েছে। কিন্তু খাবার দিতে গিয়ে দেখা গেল প্রায় ২০০ জন লোক!! তখন অনুষ্ঠানের আয়োজক গিয়ে জানতে চাইলেন—‘আপনাদের মধ্যে বরপক্ষ কারা?’ ৩০-৪০ জন দাঁড়াল। এরপর তিনি জিজ্ঞেস করলেন—‘আর কন্যাপক্ষ কারা?’ আরও ৩০-৪০ জন দাঁড়িয়ে গেল। এবার আয়োজক যথাসম্ভব হাসিমুখে বললেন—‘দয়া করে আপনারা উভয় পক্ষই বেরিয়ে যান। এটা আমার ছোট ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান।’  গেরস্তের তাড়া খেয়ে তিন চোর গিয়ে ঢুকল এক আলুর গুদামে। ঢুকেই তিনজন চটপট তিনটা আলুর বস্তার ভেতর ঢুকে পড়ল। ছুটতে ছুটতে গেরস্তও এসে ঢুকলেন আলুর গুদামে। কী মনে করে যেন হাতের লাঠি দিয়ে একটা বস্তায় খোঁচা দিলেন। ভেতর থেকে শব্দ এলো, ‘ম্যাঁও’। ‘ওরে, আলুর বস্তায় কখনো বিড়াল থাকে?’ বলেই গেরস্ত বস্তার ভেতর থেকে প্রথম চোরকে পাকড়াও করলেন। আরেকটা বস্তায় খোঁচা দিতেই ভেতর থেকে শব্দ এল, ‘ঘেউ ঘেউ’! ‘ওরে, আলুর বস্তায় কখনো কুকুর থাকে?’ বলেই গেরস্ত বস্তার ভেতর থেকে দ্বিতীয় চোরকে পাকড়াও করলেন। সবশেষে অন্য আরেকটা বস্তায় খোঁচা দিতেই এবার ভেতর থেকে শব্দ এল, ‘আলু, আলু’!