টানা তিনদিন শেয়ারবাজারের সূচক ও লেনদেন বেড়েছে
প্রকাশ : ০৭ মে ২০১৪, ২০:০৪
টানা তিন কার্যদিবস ধরে শেয়ারবাজারের সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় মূলধনী কোম্পানিগুলোর দাম বাড়ার প্রবণতায় সূচক বেড়েছে। গ্রামীণ ফোনের দাম বাড়ার প্রবণতায় টেলিকমিউনিকেশন খাতে দাম বেড়েছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১৯ কোটি ১২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৮ কোটি ৮২ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের।
এদিকে পুঁজিবাজারের ২০১০ সালের ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আইপিও সংক্রান্ত সুবিধার মেয়াদ একবছর বৃদ্ধির সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিশেষ স্কিমের আওতায় সব পাবলিক ইস্যুতে ২০ শতাংশ কোটা সংরক্ষণের মেয়াদ আগামী ১ জুন ২০১৪ থেকে বাড়িয়ে ৩০ জুন ২০১৫ করার জন্য মন্ত্রণালয় বরাবর সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। জানা গেছে, ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামানকে প্রধান করে একটি কমিটি গঠন করে। কমিটি ক্ষুদ্র বিনিয়োগকারীদের ৫০ শতাংশ সুদ মওকুফ ও আইপিও আবেদনে ২০ শতাংশ কোটা বরাদ্দ রাখার পক্ষে মত দেয়।