জনপ্রতিনিধির স্বামী ও দুই ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. হাসিনা পারভিনের স্বামী শোয়েব আলী ও দুই ছেলে যথাক্রমে বড় ছেলে রেজাউল ইসলাম (২০) ও ছোট ছেলে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র মো. সুমনকে (১৮) আসামি করে গত মঙ্গলবার মারপিটসহ চাঁদাবাজির মামলা করেছেন ইলিয়াস উদ্দিন সরকার নামে এক ইউপি সদস্য। তবে ভাইস মহিলা চেয়ারম্যান হাসিনা পারভিন বলছেন, ইউপি চেয়ারম্যানের পরামর্শেই ঐ মেম্বার তার স্বামী ও দুই সন্তানকে হয়রানি করতে মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারসূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের পক্ষ থেকে এডিপি’র প্রকল্পের আওতায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের মধ্যমপাড়াস্থ জনৈক মোজার বাড়ি হতে জনৈক আদুলের বাড়ি পর্যন্ত পানি নিষ্কাশনের পাকা ড্রেন নির্মাণ কাজ ঐদিন সকালে শুরু করেন প্রকল্প চেয়ারম্যান ইউপি মেম্বার ইলিয়াস উদ্দিন সরকার। কিন্তু বিকালে কাজ দেখতে গেলে ইউপি মেম্বারকে মারপিট করে ১০ হাজার টাকা দাবি করেন পিতা ও পুত্রদ্বয়। একইসাথে নির্মাণ হওয়া প্রায় ২০ ফুট ড্রেন ভেঙ্গেও ফেলেন তারা। এ বিষয়ে ঐদিনই সন্ধ্যায় ইউপি মেম্বার বাদী হয়ে উল্লেখিত পিতা ও পুত্রদ্বয়কে আসামি করে থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।