রুশপন্থিদের যুক্ত না করলে জেনেভা আলোচনা বাতিল :ল্যাভরভ
এএফপি, আল জাজিরা ও বিবিসি
প্রকাশ : ০৭ মে ২০১৪, ২১:২৮
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে মার্কিন সিনেটররা দ্বিধাবিভক্ত
রুশপন্থিদের যুক্ত করা না হলে জেনেভায় নতুন করে আলোচনার বিষয়টি বাতিল করে দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এদিকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন মার্কিন সিনেটররা। এরই মধ্যে সহিংসতাপ্রবণ পূর্ব ইউক্রেনের স্লোভিয়ানস্কে সেনাবাহিনীর আরো একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে রুশপন্থি বিদ্রোহীরা।
রুশপন্থি বিরোধী গ্রুপগুলোকে যুক্ত না করা হলে ইউক্রন সংকট কমাতে জেনেভায় নতুন করে আলোচনার বিষয়টি বাতিল করে দিয়েছেন ল্যাভরভ। গত মঙ্গলবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার মধ্যকার এপ্রিলের চুক্তি অনুযায়ী কোনো কিছু বাস্তবায়ন করা হয়নি। আগামী ২৫ মে ইউক্রেনের প্রত্যাশিত প্রেসিডেন্ট নির্বাচনের পরিকল্পনায় সহায়তা দেয়ার বিষয়ে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের পর ল্যাভরভ এ কথা বললেন। সেনাবাহিনীকে যখন জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এমন সময়ে অনুষ্ঠেয় নির্বাচনকে ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এর আগে রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়ে ইউক্রেনের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে দেশচেতশিয়া বলেছিলেন, রাশিয়া যদি আসন্ন নির্বাচনে সমর্থন দেয় তাহলে ইউক্রেন তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে।
এদিকে, রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের আইপ্রণেতারা। গত মঙ্গলবার সিনেটে এ বিষয়ে আলোচনার সময় কয়েকজন সিনেটর বলেন, নতুন নিষেধাজ্ঞার জন্য ইউক্রেনের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা প্রেসিডেন্ট বারাক ওবামার উচিত হবে না।