ঝড়ে বিধ্বস্ত স্কুল মেরামত না হওয়ায় মাঠে পাঠদান

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঝড়ে বিধ্বস্ত বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাতা মাথায় ফাঁকা জায়গায় ক্লাস করছে। সমপ্রতি কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের একটি টিনশেড ঘর বিধ্বস্ত হয়। একটি আধাপাকা ঘরের টিনের চালা উড়ে যায়। সেই থেকে বিদ্যালয়ের সপ্তম, নবম ও দশম শ্রেণীর ২০৫ জন শিক্ষার্থীকে ক্লাস করতে হচ্ছে খোলা আকাশের নিচে। হাওর ও নদীবেষ্টিত এলাকায় ১৯৯৬ সালে স্থানীয় লোকজনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই মাধ্যমিক বিদ্যালয়। গত ৩ বছর যাবত্ এ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীরা শতভাগ কৃতকার্য হচ্ছে। তবু এর অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান জানান, আকাশের নিচে কয়েকটি শ্রেণীর ক্লাস হচ্ছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান বলেন, জেলা শিক্ষা অফিসকে এক পত্রে বিষয়টি জানানো হয়েছে। শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে জরুরিভিত্তিতে বিদ্যালয়টির শ্রেণি কক্ষগুলো মেরামত প্রয়োজন। বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূইয়া বলেন, প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু অনুদান দেয়া হয়েছে ও সংশ্লিষ্ট বিভাগে জানানো হয়েছে। শিগগিরই বিদ্যাালয়টির ক্ষতিগ্রস্ত শ্রেণি কক্ষগুলো মেরামত করার ব্যবস্থা নেয়া হবে।