কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সমস্যায় জর্জরিত
মুহাম্মাদ শফিউল্লাহ, কুবি (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০৭ মে ২০১৪, ২১:৫৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০০৬ সালে প্রতিষ্ঠিত। প্রশাসনিক ভবনের ৫ম তলায় ১৭টি বিভাগের পাঁচ হাজার শিক্ষার্থীর জন্য প্রয়োজনের তুলনায় সামান্য বই নিয়ে লাইব্রেরিটি। কিছু বই ৩৬টি শেলফে রয়েছে।
বাকি বই ও পত্রিকাগুলো পর্যাপ্ত জায়গার অভাবে পাশের একটি বড় রুমের মেঝেতে রাখা হয়েছে। লাইব্রেটিতে শিক্ষার্থীদের জন্য ৩৪টি আসন রয়েছে। শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ডের জন্য আবেদন করেও কার্ড পাচ্ছেন না। কার্ড না থাকায় শিক্ষার্থীরা বই ফটো কপি কিংবা বাসায় নিয়ে যেতে পারছেন না। এসব নানা সমস্যার কারণে দিন দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাইব্রেরিতে পড়াশুনার আগ্রহ হারিয়ে ফেলছেন।
১৭টি জাতীয় দৈনিক ও আন্তর্জাতিক পত্রিকা রাখার কথা থাকলেও শিক্ষার্থীরা পড়তে গিয়ে লাইব্রেরিতে পত্রিকাগুলো পান না। এমনকি আন্তর্জাতিক পত্রিকা রাখার কথা শিক্ষার্থীরা জানেনই না। শিক্ষার্থীরা জানান, লাইব্রেরির জন্য আলাদা ভবন ও সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত লাইব্রেরি খোলা রাখার দাবি থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কর্ণপাত করছেন না।
৩য় বর্ষের শিক্ষার্থী খোরশেদ বলেন, ‘লাইব্রেরির দিকে তাকালে মনে প্রশ্ন জাগে আমি কি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ডেপুটি লাইব্রেরিয়ান তারিক ভুঁইয়া বলেন, স্থানের অভাবে সব বই শেলফে সাজাতে পারিনি। বইয়ের স্বল্পতা আছে তবে স্থান জরুরি। প্রশাসনের কাছে বিষয়টি জানানো হয়েছে।