নেত্রকোনায় ২ জনের মৃত্যুদণ্ড চারজনের যাবজ্জীবন
প্রকাশ : ০৭ মে ২০১৪, ২১:৫৫
নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ দুর্গাপুর উপজেলার মৌ গ্রামের চান উদ্দিনের পুত্র আব্দুল কুদ্দুছ (৬৫)-কে হত্যার অভিযোগে ২ জনকে ফাঁসি, ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৫ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া একই মামলায় আরো ১৪ জনকে ১০ বছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দীর্ঘ ১৩ বছর মামলা চলার পর গতকাল বুধবার এই রায় প্রদান করা হয়। ফাঁসির আসামি দু’জন হচ্ছে আব্দুল খালেক ও আব্দুল গণি।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুর রহমান এবং আব্দুর রব। ১০ বছর করে সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে আঃ হেকিম, আবুল হাশিম, আঃ মজিদ, হাসিম উদ্দিন, জালাল উদ্দিন, রহমত আলী, সিরাজুল ইসলাম, বাচ্চু মিয়া, আইয়ূব আলী, মাহাতাব আলী, ফারুক মিয়া, নূর মোহাম্মদ (পলাতক), আঃ রশিদ এবং আজিজুল ইসলাম। এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদুরী বেগম এবং হাজেরা খাতুনকে বেকসুর খালাস প্রদান করা হয়।
আদালতসূত্রে জানা গেছে, নিহত আব্দুল কুদ্দুছের পুত্র আবুল হাসিম (১৮) বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করলে বিজ্ঞ বিচারক উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদি গ্রহণান্তে উপরোক্ত রায় প্রদান করেন।