নকলে সহযোগিতা করায় শিক্ষক ও ছাত্রকে লাখ টাকা জরিমানা

এইচএসসি পরীক্ষায় হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্রে হেমনগর কলেজ কেন্দ্রে নকলে সহযোগিতার অভিযোগে চার কলেজ শিক্ষক ও ৬ কলেজ ছাত্রকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার এবং প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট তানজিলা ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মঙ্গলবার অভিযুক্তদের এ জরিমানা করেন। কলেজ শিক্ষকরা হলেন হেমনগর ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অসিত বরণ দাস, ভেঙ্গুলা ফজলুল হক কলেজের প্রভাষক রফিকুল ইসলাম ও হারুন অর রশীদ এবং নারুচি স্কুল এন্ড কলেজের প্রভাষক শফিকুল ইসলাম। কলেজে পড়ুয়া ছাত্ররা হলো হাফিজুর রহমান, সুমন মিয়া, আলতাফ হোসেন, পরান মিয়া, কামরুজ্জামান ও হিরু মিয়া। এরা সবাই কলেজ ও ইউনিয়ন শাখা ছাত্রলীগ কর্মী। ইউএনও তানজিলা ইসলাম জানান, গোপনসূত্রে খবর পেয়ে কলেজ কেন্দ্রে হাজির হয়ে দেখতে পান ঐ চার কলেজ শিক্ষক বহিরাগত ঐ ছয় ছাত্রকে নিয়ে কলেজের তিনতলার একটি কক্ষে বাইরে থেকে তালা ঝুলিয়ে ভেতরে সৃজনশীল পদ্ধতির নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর শিটের বৃত্ত ভরাট করছিল। ইউএনওকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া দিয়ে আটক করা হয়।