তিন মাসে গ্রামীণফোনের আয় আড়াই হাজার কোটি টাকা
প্রকাশ : ০৭ মে ২০১৪, ২২:২২
মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন চলতি বছরের প্রথম প্রান্তিকে (তিন মাস) ২ হাজার ৪৯০ কোটি টাকা রাজস্ব আয় করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ এবং শেষ প্রান্তিকের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ। সাংবাদিক সম্মেলনে গ্রামীণফোনের ভারপ্রাপ্ত চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মঈনুর রহমান ভুঁইয়া উপস্থিত ছিলেন।
বিবেক সুদ বলেন, অর্থনৈতিক কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় ২০১৩ এর চতুর্থ প্রান্তিকে মন্দা কাটিয়ে এই প্রান্তিকে গ্রামীণফোন সাফল্যের ধারায় ফিরতে পেরেছে। আমরা এই গতি ধরে রাখতে এবং ব্যবসাকে আরও এগিয়ে নিতে চাই। মঈনুর রহমান ভুঁইয়া বলেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও গেল প্রান্তিকে প্রবৃদ্ধি আশাব্যঞ্জক।
এদিকে গ্রামীণফোন চলতি প্রান্তিকে সরকারি কোষাগারে কর, ভ্যাট ও শুল্ক আকারে মোট ১ হাজার ৭০ কোটি টাকা জমা দিয়েছে। এতে প্রতিষ্ঠার পর থেকে সরকারি কোষাগারে জমা দেয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৫০০ কোটি টাকা।