খালেদা জিয়ার ব্যাংক হিসাবের বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জব্দ থাকা ব্যাংক হিসাব খুলে দেয়া হবে কি-না সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন। গতকাল রাজধানীর মগবাজারে ই-টিআইএন (অনলাইনে কর সনাক্তকরণ নম্বর) সেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তবে বিএনপি চেয়ারপারসনের ব্যাংক হিসাব অবমুক্ত করার বিষয়ে সরাসরি কিছু বলেননি তিনি। বিগত ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তত্কালীন প্রধান দুটি রাজনৈতিক দলের শীর্ষ দুই নেত্রীর ব্যাংক হিসাব জব্দ করে এনবিআর। পরবর্তীতে খালেদা জিয়ার হিসাবটি আর খুলে দেয়া হয়নি। চলতি ২০১৩-১৪ অর্থবছরের রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে আবারো আশা প্রকাশ করেছেন এনবিআর চেয়ারম্যান। গোলাম হোসেন বলেন, ২০১৩ সালের জুন মাসে ই-টিআইএন এ রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বর্তমানে রেজিস্ট্রেশন হয়েছে ৯ লাখ, যার মধ্যে পুরাতন করদাতা ৬ লাখ ও নতুন যুক্ত হয়েছে ৩ লাখ। বিদ্যমান ১৮ লাখ আয়করদাতার সঙ্গে আরো ৬ লাখ যুক্ত করা হবে বলেও জানান তিনি।