বাজেটে ট্যুরিজম খাতে বরাদ্দ বাড়ানোর দাবি

আসন্ন জাতীয় বাজেটে পর্যটন উন্নয়নের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে দেশের ট্যুরিজম সংগঠনের নেতারা। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্টের চেয়ারম্যান এইচ এম হাকীম আলী। সাংবাদিক সম্মেলনে বলা হয়, অনেক দেশে পর্যটন শিল্প জাতীয় আয়ের প্রধান উত্স। অথচ আমরা দ্বিতীয় বা তৃতীয় প্রধান আয়ের উত্স হিসেবে এ খাতকে তৈরি করতে পারিনি। আর এটার জন্য পর্যটন শিল্পের সমস্যা চিহ্নিত করে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমাদের প্রধান সমস্যা অবকাঠামো। সঠিক অবকাঠামো ছাড়া কোন শিল্পই টিকতে পারে না। আর সঠিক অবকাঠামোর জন্য প্রয়োজন সঠিক সরকারি উদ্যোগ। প্রয়োজন পর্যাপ্ত ও উন্নত সড়ক, রেলপথ, পরিবহন ব্যবস্থা, আবাসন, খাদ্য, নিরাপত্তা প্রভৃতি। আর এটার জন্য চাই পর্যাপ্ত অর্থ এবং সেই অর্থের সঠিক ব্যবহার।