নদীতীর ইজারাদানকারী কর্মকর্তাদের শাস্তি দাবি

উচ্চ আদালতের রায় ও নির্দেশনার আলোকে ঢাকার চার পাশের নদীতীরের ইজারা বাতিল, সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ইজারা প্রদানকারীদের শাস্তি দাবি জানিয়েছেন রাজনীতিবিদসহ বিশিষ্ট নাগরিকেরা। মঙ্গলবার এক মতবিনিময় সভায় বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ নদী ও বালু রক্ষায় এসব দাবি জানানো হয়। নৌ, সড়ক ও রেলখাত রক্ষা জাতীয় কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন, নদীগুলোর বিপন্ন অবস্থার তিনটি প্রধান কারণ হচ্ছে- অবৈধ দখল, দূষণ ও সরকারি ইজারা প্রদান। প্রশাসন অবৈধ দখলদার উচ্ছেদ ও দূষণরোধে ব্যর্থ হচ্ছে। দায়িত্ব পালনে ব্যর্থতা ও সরকারি নির্দেশ লঙ্ঘনের অপরাধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণের দাবি জানান প্রবীণ এই রাজনীতিবিদ। নৌ, সড়ক ও রেলখাত রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক আশীষ কুমার দে’র সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, প্রকৌশলী ম. ইনামুল হক, বিএফইউজে’র মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি