বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২৮১ কোটি টাকা আত্মসাত্
প্রকাশ : ০৭ মে ২০১৪, ২২:২৭
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের ২৮১ কোটি টাকা দুর্নীতির অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার কমিশনের নিয়মিত বৈঠকে এ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। শিগগিরই এ অভিযোগ অনুসন্ধানে একজন অনুসন্ধানকারী কর্মকর্তা ও একজন তদারককারী কর্মকর্তা নিয়োগ দেয়ার জন্য দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশন থেকে নির্দেশ দেয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে দুদক সূত্র জানায়, তারাইল-পাটুরিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের কাজ সঠিকভাবে না করে প্রকল্পের মোট ২৮১ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাত্ করা হয়েছে। প্রকল্পের সংশ্লিষ্ট ঠিকাদার আবুল কালাম আজাদ, আবু সাইদ শিকদার এবং গোপালগঞ্জের পাউবোর প্রকৌশলীদের বিরুদ্ধে এ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।