সম্পর্কের নতুন সম্ভাবনার দিক সন্ধান করতে হবে
প্রকাশ : ০৭ মে ২০১৪, ২২:৫৩
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের সফররত উপ-সহকারী মন্ত্রী ফাতেমা সুমার বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে; কিন্তু এসব চ্যালেঞ্জ কখনোই সম্পর্ক এগিয়ে নেয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না। বরং সম্পর্কের নতুন সম্ভাবনার দিকগুলো সন্ধান করে সেগুলোর উপর কাজ করা উচিত। গতকাল বুধবার দুপুরে স্থানীয় একটি হোটেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে ফাতেমা সুমার একথা বলেন। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ওবামার এশিয়ার পুনঃভারসাম্য নীতিতে দক্ষিণ এশিয়াকে আমরা সম্পৃক্ত করতে চাই। কারণ এই অঞ্চলের এক দশমিক ৬ বিলিয়ন ডলার ভোক্তাকে আমরা হারাতে চাই না। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিয়োগান্তক রানা প্লাজা ট্র্যাজেডির পর এক বছরে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। শ্রম আইন সংশোধনসহ শ্রমিকদের স্বার্থে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচারক মাহফুজুর রহমান এসময়ে উপস্থিত ছিলেন।
মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফাতেমা সুমার গতকাল সকালে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে কয়েকজন নারী শিল্পোদ্যোক্তার সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন। এ বৈঠকে নাসরিন আবদুল আউয়াল, সেলিমা আহমেদ, সঙ্গীতা আহমেদ, রুবিনা বিন ফারুক, নাছিম ফেরদৌস উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের জ্বালানি সম্পদ বিষয়ক উপ-সহকারী মন্ত্রী ঢাকায়
চারদিনের সফরে গতকাল বুধবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি সম্পদ বিষয়ক উপ-সহকারী মন্ত্রী রবার্ট এফ. আইকর্ড। মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, আইকর্ড যুক্তরাষ্ট্রের জ্বালানি সম্পদ ব্যুরোতে উপ-সহকারী মন্ত্রী হিসেবে দায়িত্বরত। বাংলাদেশ সফরকালে তিনি সরকারের জ্বালানি খাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে তিনি ২০৩০ সালের মধ্যে সকলের জন্য জ্বালানি শক্তির ব্যবহার নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করার লক্ষ্যে করণীয় বিষয়ে আলোচনা করবেন।