খালেদা জিয়ার দুর্নীতির বিচার হবে অস্থায়ী আদালতে

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত দুটি দুর্নীতি মামলার বিচারে আদালত বসবে একটি বিশেষ স্থানে। আইন মন্ত্রণালয় ঢাকা মহানগরের বকশিবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে নির্মিত একটি অস্থায়ী আদালতে বিচার কার্যক্রম অনুষ্ঠানের জন্য প্রজ্ঞাপন জারি করেছে। ওই স্থানে এর আগে বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়েরকৃত মামলার বিচার অনুষ্ঠিত হয়েছিলো। আইন মন্ত্রণালয় জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত নং-৩-এ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত মামলা দুটি বিচারাধীন রয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত দায়েরকৃত কোন মামলাই সাক্ষ্য গ্রহণের পর্যায়ে যায়নি। এই প্রথম এ দুটি মামলায় বিশেষ স্থানের ওই বিশেষ আদালতে আগামী ২১ মে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সম্প্রতি আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকার মেট্রোপলিটন দায়রা জজ আদালত ভবনে অবস্থিত বহুসংখ্যক আদালতে মামলার বিচার কার্যক্রম পরিচালিত হওয়ায় উক্ত ভবন এবং এলাকাটি আদালত চলাকালীন সময়ে জনাকীর্ণ থাকে বিধায় নিরাপত্তাজনিত কারণে ফৌজদারি কার্যবিধির ৯(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার উক্ত তিন মামলা পরিচালনার জন্য ঢাকা মহানগরের বকশিবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করেছে। প্রসঙ্গত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রচলিত আদালত ভবনের পরিবর্তে সংসদ ভবনে স্থানান্তর করা হয়েছিলো। এর আগে বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যাসহ বেশ কিছু মামলার বিচার জেলখানার পাশে নির্মিত অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হয়েছিলো।